ছয় এয়ারের কাছে পাওনা ২১২৬ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

ছয় এয়ারের কাছে পাওনা ২১২৬ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
দেশি-বিদেশি ৬ এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাছে ২ হাজার ১২৬ কোটি টাকা পাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ার, ইউএস-বাংলা, নভোএয়ার, জিএমজি এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছেই পাওনা রয়েছে ১ হাজার ৭৮৬ কোটি ৯৬ হাজার ৩৪৬ টাকা। বকেয়া রাজস্ব আদায়ে দফায় দফায় চিঠি চালাচালি করেও তেমন কোনো ফল মিলছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহ আমানত বিমানবন্দর থেকে ২৫ বছরে ফ্লাইট পরিচালনা গুটিয়ে নিয়েছে ১৫ এয়ারলাইন্স প্রতিষ্ঠান। বর্তমানে শুধু দুটি বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করছে। এতে বিপাকে পড়ছেন চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুটে যাতায়াত করা যাত্রীরা। সংশ্লিষ্টদের অভিযোগ, আন্তর্জাতিক

বিমানবন্দর হিসাবে শাহ আমানত বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় এখান থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট পরিচালনা কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এতে করে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে তেমনি চট্টগ্রামের যাত্রীরাও বাধ্য হয়ে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সূত্র জানায়, বছরে ৬ লাখ যাত্রী সক্ষমতা দিয়ে প্রায় ১৭ লাখ যাত্রী হ্যান্ডলিং করছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর ফলে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এখানে একসঙ্গে ৩০০-৪০০ যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য পর্যাপ্ত কাউন্টার নেই। বিমানবন্দরে থাকা দুটি লাগেজ বেল্ট একসঙ্গে কাজে লাগিয়েও এই সংখ্যক যাত্রী সামাল দেওয়া যায় না।

বেল্ট কক্ষেই যাত্রীদের জটলা লেগে যায়। আর যাত্রী বেশি হলে একেকটি লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এছাড়া শাহ আমানতে ফ্লাইট কার্যক্রম চলে সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক রুটের বেশির ভাগ বিমান সংস্থাই ২৪ ঘণ্টা ফ্লাইট চলাচলের ব্যবস্থা চায়। বিদেশি বিমান সংস্থার ফ্লাইট না থাকায় চট্টগ্রামভিত্তিক যাত্রীদের হয় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অথবা সংযুক্ত আরব আমিরাত কিংবা ওমানের মাসকাট হয়ে ইউরোপ-আমেরিকা-চীনসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যেতে হচ্ছে। এতে আকাশপথে বাড়তি সময় ও খরচ বেশি লাগছে বলে অভিযোগ যাত্রীদের। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০০ সাল থেকে ১৭টি বিদেশি এয়ারলাইন্স পর্যায়ক্রমে তাদের নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করে।

তখন চট্টগ্রামের যাত্রীরা মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও সরাসরি মালয়েশিয়া, কলকাতা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও নেপাল যেতে পারতেন। এর মধ্যে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ১১টি বিদেশি এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করে চলে যায়। সেগুলো হলো-থাই এয়ার, থাই স্মাইল এয়ার, কুয়েত এয়ার, ফুকেট এয়ার, ড্রাগন এয়ার, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা (আরএকে) এয়ার, টাইগার এয়ারওয়েজ ও সিল্ক এয়ার। ২০২০ সালে কোভিড অতিমারির পরে আরও চারটি বিদেশি বিমান সংস্থা চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। এর মধ্যে ২০২৩ সালের অক্টোবরে ভারতভিত্তিক স্পাইস জেট বিমান ও কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজ। ২০২৪ সালের ৮ মার্চ থেকে বন্ধ করে ওমান এয়ার এবং ১

সেপ্টেম্বর থেকে আমিরাতভিত্তিক ফ্লাই দুবাই শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ করে। এখন শুধু বিদেশি বিমান সংস্থার মধ্যে এয়ার এরাবিয়া ও সালাম এয়ার চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে যাত্রী পরিবহণ অব্যাহত রেখেছে। এদের সঙ্গে দেশীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ বিমান এবং বেসরকারি ইউএস-বাংলা মধ্যপ্রাচ্য রুটে যাত্রী পরিবহণ করে। শাহ আমানত বিমানবন্দরের হিসাব শাখা সূত্র জানায়, এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ ধরনের অ্যারোনটিক্যাল চার্জ আদায় করে থাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। এগুলো হলো-নিয়ন্ত্রণকক্ষ, রানওয়ে, অ্যাপ্রোন এরিয়া, টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, অ্যাম্বারকেশন, ওভার ফ্লাই ল্যান্ডিং-ফ্লাই এবং বিমান পার্কিং খাত। এসব খাতে ৬ এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওনা রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত

এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১২৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ২৭৭ টাকা। এরমধ্যে মূল বিল ৩৪৮ কোটি ৯৬ লাখ ২১ হাজার ১৩৭ টাকা, ভ্যাট ৯৫ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৭১৮ টাকা এবং সারচার্জ ১ হাজার ৬৮১ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ৪২৩ টাকা। এই ৬টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি এয়ারলাইন্স বকেয়া পরিশোধ না করেই তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে রিজেন্ট এয়ারের কাছে পাওনা ২৫২ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৪৮ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৫৪ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৯৮৩ টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে পাওনা ২৯ কোটি ৩০

লাখ ৫০ হাজার ৪২৯ টাকা। এছাড়া ইউএস-বাংলার কাছে পাওনা ২ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ৭৮৭ টাকা এবং নভো এয়ারের কাছে ১ কোটি ২০ লাখ ৪৮ হাজার ৬৮৪ টাকা পাওনা রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, বকেয়া আদায়ের জন্য নিয়মিত সংশ্লিষ্টদের চিঠি দিয়ে তাগাদা দেওয়া হচ্ছে। তবে যেসব প্রতিষ্ঠান চট্টগ্রাম শাহ আমানত থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে তাদের বিষয়টি ভিন্ন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের চিন্তা করা হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক সাধন কুমার মোহন্ত যুগান্তরকে বলেন, ‘পরিচালক স্যার (গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর) ওমরাহ করতে সৌদি আরব গেছেন। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন। আমি শুধু রুটিন দায়িত্ব পালন করছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের