আরও খবর
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু
যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার সামরিক বিমান পাঠাক—এমন খবরের বিষয়ে কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিজ্ঞাপন
ওই সাংবাদিক প্রশ্নে উল্লেখ করেন, বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে, নয়াদিল্লি চায় বাংলাদেশ তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠাক। প্রতিবেদনে আরও দাবি করা হয়, শেখ হাসিনাকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪
সালের দমনপীড়নের জন্য নতুন করে বিচার করা হবে। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন স্থলপথ নাকি আকাশপথে হবে, তা নিয়েও প্রশ্ন করা হয়। এছাড়া তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকারের কোনো প্রস্তুতি রয়েছে কি না বা এ জটিল বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন কি না, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়। রণধীর জয়সোয়াল এসব প্রশ্নের কোনো উত্তর দেননি এবং কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির
আওতায় প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে, যদিও ভারত থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে রয়টার্স খবর দিয়েছে।
বৃহস্পতিবার বিবিসি বাংলার একটি প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে যে, ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। ওই প্রতিবেদনে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়: প্রথমত, শেখ হাসিনা যেহেতু সামরিক উড়োজাহাজে ভারতে এসেছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া
এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরুর নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে।
বিজ্ঞাপন
আজকের ব্রিফিংয়ে এসব প্রতিবেদনের সত্যতা জানতে চাওয়া হলে মুখপাত্র বারবার একই কথা বলেন যে, এ বিষয়ে তাঁর বলার বা মন্তব্য করার কিছুই নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জয়সোয়াল তাঁর আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার কারণ নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, দুই দেশের পারস্পরিক পছন্দসই তারিখে ওই আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরও
বলেন, ‘ভারত সব সময়ই বলে আসছে, বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। সেই লক্ষ্যে উদ্যোগও নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থায় বৈঠকও হয়েছে। অন্য অনেক বিষয়ের মধ্যে সেই বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছে।’
মুখপাত্র জানান, সংশোধিত ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্টস) ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়েও দুই দেশের কনস্যুলেট আলোচনা হবে পারস্পরিক সম্মতিতে পছন্দসই তারিখে। বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ভারত প্রস্তুত এবং টেকনিক্যাল পর্যায়ের আলোচনায়ও ভারত রাজি বলে তিনি উল্লেখ করেন।






