স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে বিএনপির দুই নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণের পর তাদের দলীয় পদত্যাগকে ঘিরে সংবিধানিক প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তারা বিএনপির “সকল পর্যায়ের পদ” থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সংসদ সদস্যপদ বহাল আছে কি না—তা নিয়ে রাজনৈতিক ও আইনগত আলোচনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয়ের আইন ও আইনগত বিভাগের সহযোগী গবেষক হাসান মাহমুদ টিপু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তার পোস্টে তিনি বলেন, সংবিধান সংশোধন না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা আইনি জটিলতা তৈরি করতে পারে। তিনি

উল্লেখ করেন, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এমনকি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেন, “আজ থেকে আপনারা আর কোনো দলের নন। আপনারা এই সংসদের স্পিকার।” টিপুর মতে, যদি তাদের পদত্যাগের মাধ্যমে দলীয় সদস্যপদও বাতিল হয়ে থাকে, তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাদের সংসদ সদস্যপদও বাতিল হওয়ার কথা। আর কেউ সংসদ সদস্য না থাকলে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকার পদেও থাকতে পারেন না। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি যে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে

নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন এবং পরে সেই দল থেকে পদত্যাগ করেন, তাহলে তার সংসদে আসন শূন্য হয়ে যাবে। একইভাবে সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও তার সদস্যপদ বাতিল হতে পারে। এদিকে সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ২(খ) ধারা অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অবশ্যই সংসদ সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হতে হবে। ফলে কেউ যদি সংসদ সদস্য না থাকেন, তাহলে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করতে পারবেন না। এ বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক আমীন আল রশীদ “স্পিকার ও ডেপুটি স্পিকারের সংসদ সদস্যপদ থাকা না থাকার তর্ক” শিরোনামে একটি বিশ্লেষণধর্মী লেখায় বিষয়টি তুলে ধরেন। তার প্রতিবেদনে বলা হয়, ১২

মার্চ বিএনপির চেয়ারম্যানের কাছে দেওয়া পদত্যাগপত্রে মেজর হাফিজ উদ্দিন আহমেদ লিখেছেন—তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একইভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর ব্যারিস্টার কায়সার কামালও তার পদত্যাগপত্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ১২ মার্চ। ওইদিন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। পরে তারা শপথ গ্রহণ করেন। স্পিকারের চেয়ারে বসে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সরকার ও বিরোধী দল

উভয়ে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করি। বিরোধী দল যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সে জন্য আমি সচেষ্ট থাকব।” তবে প্রশ্ন উঠেছে—“সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগ” বলতে কি দলীয় প্রাথমিক সদস্যপদও অন্তর্ভুক্ত হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাদের সংসদ সদস্যপদও বাতিল হওয়ার কথা। ফলে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে মত দিয়েছেন অনেক পর্যবেক্ষক। বাংলাদেশের সংবিধানে ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক নতুন নয়। ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় থেকেই এই ধারা নিয়ে আলোচনা শুরু হয়। গণপরিষদের কয়েকজন সদস্য, যার মধ্যে সংবিধান প্রণয়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য হাফেজ হাবীবুর রহমানও ছিলেন, এই

ধারা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। পরবর্তীতে গণপরিষদ সদস্য নুরুল হকের সংশোধনী প্রস্তাবের মাধ্যমে ধারা ৭০ সংশোধিত আকারে গৃহীত হয়। এতে বলা হয়—কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে পরে সেই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর সময় এ ধারায় কিছু পরিবর্তন আনা হলেও ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের মূল বিধান আবার ফিরিয়ে আনা হয়। বিশ্লেষকদের মতে, এই ধারা একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করলেও অন্যদিকে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। এ কারণে দীর্ঘদিন ধরেই এটি নিয়ে সংস্কারের দাবি উঠছে। ২০০২ সালে বিএনপির

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান এই ধারা সংশোধনের জন্য একটি বেসরকারি বিলও সংসদে উত্থাপন করেছিলেন। যদিও সেটি পাস হয়নি। সম্প্রতি সংবিধান সংস্কার কমিশনও ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, কেবল অর্থ বিল ও আস্থা ভোটের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মানতে হবে; অন্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সব মিলিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারের দলীয় পদত্যাগকে ঘিরে যে প্রশ্ন উঠেছে, তা নতুন করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা ও বিতর্ককে সামনে নিয়ে এসেছে। এখন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এ বিষয়ে কী ব্যাখ্যা আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না