রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ April, ২০২৬

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ April, ২০২৬ |
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের এই দিনে সাভারে বহুতল ভবন ধসে প্রাণ হারান ১১৩৬ পোশাক শ্রমিক, আহত হন কয়েক হাজার। দীর্ঘ এক দশকের বেশি সময় পার হলেও, এই মর্মান্তিক ঘটনার বিচার এখনো অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে, হঠাৎ করেই ধসে পড়ে রানা প্লাজা ভবনটি। এর ভেতরে অবস্থান করছিলেন কয়েক হাজার শ্রমিক। মুহূর্তেই ভবনটি পরিণত হয় ধ্বংসস্তূপে। উদ্ধার অভিযান চলে টানা কয়েক দিন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এ ঘটনা। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বব্যাপী। ঘটনার

দুই বছর পর, ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ২০১৬ সালে ঢাকার জেলা জজ আদালতে মামলার বিচার শুরু হয়। তবে পরবর্তীতে আসামিদের একের পর এক আইনি পদক্ষেপ, উচ্চ আদালতে বিচার স্থগিতের আবেদন এবং বিভিন্ন জটিলতার কারণে মামলাটি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়ে। ২০২২ সালে পুনরায় বিচার কার্যক্রম শুরু হলেও তা এগোচ্ছে ধীরগতিতে। এই হত্যা মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী করা হলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির করতে বারবার নির্দেশ দেওয়া হলেও পুলিশ তা কার্যকর করতে পারেনি। ২০২৪ সালের জানুয়ারিতে আপিল বিভাগ ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিলেও সেই

নির্দেশ বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখা যায়নি। মামলার প্রধান আসামি সোহেল রানার আইনজীবী দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এবং তিনি নির্দোষ। নিহতদের পরিবার এবং আহত শ্রমিকরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘসূত্রতা বিচারকে অনিশ্চিত করে তুলছে। তারা দায়ীদের সর্বোচ্চ শাস্তি, পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দিনটি উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সাভারে রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আহত শ্রমিক, নিহতদের স্বজন, শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি থেকে দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়। আগামী ৩০

এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। রাষ্ট্রপক্ষ যদি প্রয়োজনীয় সাক্ষীদের আদালতে হাজির করতে পারে, তবে মামলাটি নিষ্পত্তির দিকে অগ্রসর হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন