জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬

জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
চব্বিশের জুলাই-আগস্টে সরকার উৎখাতের বিক্ষোভ দমনে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার কয়েকটি মামলার তদন্তে মারাত্মক অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন। তদন্তে দেখা গেছে, কোনো মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি, কোথাও ‘নিহত’ ব্যক্তি জীবিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। কোনো মামলায় গুলিতে নিহত বা আহত হওয়ার দাবি করা হলেও তদন্তে সেই দাবির সমর্থনে কোনো প্রমাণ মেলেনি। এমনকি কোনো কোনো মামলায় ঘটনার সময় ঘটনাস্থল থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থানরত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে পুলিশের প্রতিবেদনে। পটভূমি ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরির কোটা সংস্কারের নামে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে হামলা

ও হত্যা হয়েছে বলে প্রচার চালানোর পর বিক্ষোভ দীর্ঘায়িত হয়। ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী, উত্তরা, মোহাম্মদপুরের বছিলা, রামপুরায় ঘটে বেশ কিছু হত্যাকাণ্ড। বিক্ষোভ দীর্ঘায়িত হলে সরকারি স্থাপনা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয় উগ্রবাদীরা। অগ্নিসংযোগ, ভাঙচুর-গুপ্ত হত্যা চলতে থাকে। পরবর্তী ঘটনাপ্রবাহে রক্তক্ষয়ী সংঘর্ষ আরও বেড়ে যায়, আক্রান্ত হয় রাষ্ট্রীয় গণভবনও। এক পর্যায়ে ৫ই আগস্ট দেশত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানে দাবি করা হয়, জুলাই-আগস্টে ১৪০০ লোক নিহত হতে পারে। যদিও সরকারি গেজেট অনুযায়ী নিহত হয়েছে সাড়ে আটশ’র মতো। এই দুটি দাবির মধ্যে মিলেছে অসংখ্য অসঙ্গতি ও ঘাপলা। মৃতদের ফিরে আসা, বিভিন্ন দুর্ঘটনায় মৃতকে বিক্ষোভে নিহত দাবি

করা, ভিন্নভাবে আহত হওয়াকে বিক্ষোভকারী/জুলাইযোদ্ধা সাজানো- এমন নানাবিধ অনিয়ম ও প্রতারণার ঘটনা প্রকাশিত হয়েছে। মামলার পরিসংখ্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর প্রসিকিউশন বিভাগের গত বছরের আগস্ট পর্যন্ত তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় রাজধানীর ৫০টি থানায় মোট ৭০৭টি মামলা হয়েছে, যেখানে আসামির সংখ্যা ৫ হাজার ৭৯ জন। সবচেয়ে বেশি মামলা হয়েছে যাত্রাবাড়ী থানায়—১৯টি। এরপর পল্টন মডেল থানায় ১৬টি, হাতিরঝিল ও ভাটারা থানায় সাতটি করে, রামপুরা থানায় পাঁচটি এবং উত্তরা পূর্ব-পশ্চিম, বিমানবন্দর ও দক্ষিণখান থানা মিলিয়ে ১৩টি মামলা হয়েছে। এসবের মধ্যে ১২৬টি মামলার তদন্ত চলমান রয়েছে। এসব মামলায় শেখ হাসিনা ও তাঁর সরকারের মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক হারে আসামি করা হয়েছে। ইতোমধ্যে

তদন্ত শেষে ১৯টি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলাকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তারা। বাকি ১৬টি মামলায় তথ্যগত অসঙ্গতি, ভুল পরিচয়, ভুয়া কাগজপত্র এবং ঘটনার বর্ণনার সঙ্গে বাস্তবতার অমিল পাওয়া গেছে। আদালতে জমা দেওয়া প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যক্তিগত বিরোধ, জমি-সংক্রান্ত দ্বন্দ্ব অথবা ব্যবসায়িক স্বার্থে নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। বিক্ষোভের ঘটনায় ঢালাও মামলা এবং অর্থ লেনদেনের অভিযোগ আগেও গণমাধ্যমে এসেছে। মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলায় শেখ হাসিনা ও তাঁর সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতা এবং পুলিশের সাবেক আইজিসহ কয়েকজনের বিচার পলাতক অবস্থায় ট্রাইব্যুনালে চলছে। একটি মামলায় ইতোমধ্যে শেখ হাসিনা ও সাবেক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, একাত্তরের যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামী ও তাদের সমমনা দলগুলোর দাবির প্রেক্ষিতে আন্দোলনে ‘সহিংসতার’ অভিযোগ তুলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং সংগঠনটির কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ‘আমি মরলে সৌদি আরব এলাম কীভাবে’ ২০২৪ সালের ১৯শে জুলাই রাজধানীর হাতিরঝিলের উলন সড়ক এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৪৬ বছর বয়সি মো. বাবু নিহত হয়েছেন—এমন অভিযোগে আদালতে একটি মামলা হয়, যার তদন্তভার পড়ে হাতিরঝিল থানা পুলিশের ওপর। মামলার এজাহারে বাদী হিসেবে স্বাক্ষর রয়েছে ‘নিহত’ বাবুর খালাতো ভাই পরিচয় দেওয়া

ইসমাঈল নামের এক ব্যক্তির। মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়। ২০২৫ সালের ২৬শে অক্টোবর আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এজাহারে দেওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বরুরকান্দি গ্রামে গিয়ে পুলিশ জানতে পারে, ‘নিহত’ বাবু আসলে জীবিত। তাঁর প্রকৃত নাম মো. শাকিল এবং তিনি বর্তমানে সৌদি আরবে কর্মরত। এ বিষয়ে শাকিল বলেন, “আমি তো মারা যাইনি ভাই। আমি মরলে সৌদি আরব আসলাম কীভাবে? এ বিষয়ে পুলিশ আগেই আমার সঙ্গে কথা বলেছে। এখন আমি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করি।” তদন্তে বাদীর পরিচয় যাচাই করেও অসঙ্গতি পাওয়া গেছে।

এজাহারে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে মিলন পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, তিনি ইসমাঈল নন। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য ধরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকায় ইসমাঈলের খোঁজ পায় পুলিশ। তিনি তদন্ত কর্মকর্তার কাছে দাবি করেন, এ ধরনের কোনো মামলা তিনি করেননি। আদালতে উপস্থিত হয়েও তিনি একই বক্তব্য দেন এবং জানান, তাঁর নাম-পরিচয় ব্যবহার করে অন্য কেউ মামলাটি করেছেন। এজাহারে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে এক নারী বলেন, “ইসমাঈল নামে কাউকে চিনি না। আপনি ভুল নম্বরে ফোন করেছেন।” হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল ইসলামের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এজাহারে অভিযোগ করা ‘বাবু’ নামের কোনো ব্যক্তির মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থল, সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসকের মতামত, জুলাই নিহতদের সরকারি তালিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করেও ওই নামে কারও নিহত হওয়ার তথ্য মেলেনি। এমনকি মামলার সঙ্গে সংযুক্ত মৃত্যুসনদটিও জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রকৃত ভুক্তভোগী বা বাদীর অস্তিত্বও তদন্তে পাওয়া যায়নি। এসব কারণে তদন্ত কর্মকর্তা মামলাটিকে ‘মিথ্যা’ হিসেবে তুলে ধরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এবং এজাহারে নাম থাকা আসামিদের অব্যাহতির সুপারিশ করেন। তদন্ত কর্মকর্তা রাসেল ইসলাম বলেন, “তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। মামলায় উল্লেখ করা নিহত ব্যক্তি ও বাদী—দুজনের দাবিরই সত্যতা পাওয়া যায়নি। তদন্তে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, অন্যের পরিচয় ব্যবহার করে একটি চক্র অসৎ উদ্দেশ্যে মামলাটি করেছে।” মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩রা আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য রেখেছে। মামলার বাদীপক্ষের আইনজীবী লুৎফর রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পড়ে গিয়ে কাটাছেঁড়ার দাগকে গুলির দাগ বলে দাবি ২০২৪ সালের ১৯শে জুলাই বিকেলে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট সড়কে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ২৪ বছর বয়সি পারভেজ আলীর মৃত্যু হয়েছে—এমন অভিযোগে ওই বছরের ২রা সেপ্টেম্বর পল্টন থানায় একটি হত্যা মামলা করেন ইয়াসিন আরাফাত, যিনি নিজেও একই দিন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন। মামলায় অভিযোগ করা হয়, ঘটনাস্থলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অস্ত্র হাতে গুলি চালান, এবং সে সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও পুলিশ সদস্যরাও তাঁদের সঙ্গে ছিলেন। মামলায় শেখ হাসিনা, তাপস, পরশসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। তদন্তে নেমে পিবিআই এজাহারে অভিযোগ করা গুলিবিদ্ধ ‘নিহত’ পারভেজ আলীর কোনো অস্তিত্ব পায়নি। বাদী ইয়াসিন আরাফাত গুলিবিদ্ধ হয়েছেন—এই দাবিও সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত বছরের ১১ই ডিসেম্বর পিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে জানায়, কথিত নিহত ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, এবং পুরো ঘটনাকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরে মামলাটিকে মিথ্যা বলে অভিহিত করা হয়। মামলা নিয়ে জানতে চাইলে প্রথমে বাদী হওয়ার বিষয়টিই অস্বীকার করেন ইয়াসিন আরাফাত। পরে তিনি বলেন, “আমি একটু ব্যস্ত আছি, আপনার সঙ্গে এই বিষয়ে পরে কথা হবে।” পরবর্তীতে তাঁর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাঁর বাবা বিল্লাল হোসেন গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন ধরেননি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা বাজার এলাকায় ইয়াসিন আরাফাতের বাড়িতে খোঁজ নেওয়া হয়। স্থানীয়রা জানান, আরাফাত ও তাঁর বাবা এলাকায় পরিচিত মুখ। বাজারের একাধিক ব্যক্তি জানান, একসময় আরাফাত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পেছন পেছন ঘুরতেন, মিছিল-সমাবেশে নেতাদের সঙ্গে সেল্ফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। পরবর্তীতে ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়ার পর তিনি ছাত্র অধিকার পরিষদে যোগ দেন। খোঁজ নিয়ে আরও জানা যায়, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় নেতাদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন—এমন কোনো তথ্য স্থানীয়দের কেউ দিতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু