আরও খবর
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যেকোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে হবে।
বিজ্ঞাপন
মাওলানা আবুল কালাম আজাদ দাবি করেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। তিনি বলেন, ‘ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ
মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে পড়েছে। খুলনার মানুষ বাঁচতে চায়, তারা শান্তি চায়, নিরাপত্তা চায়।’ তিনি উল্লেখ করেন, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে।
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, কোপাকুপি ও চাঁদাবাজির ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, চলতি বছরেই খুলনায় রাজনীতিক ও ব্যবসায়ীসহ ৭৮ জন খুন হয়েছেন। তিনি বলেন, ‘এই রক্তপাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি সভ্য সমাজে দিনের পর দিন এভাবে মানুষ খুন হতে পারে না।’ অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান তিনি।
খুলনা মহানগর জামায়াতে ইসলামীর
আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও খুলনা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নেতা শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, আবু রুবাবা, আবু বকর সিদ্দিক ও আ ন ম আবদুল কুদ্দুস।
বৈঠক শেষে শেখ জাহাঙ্গীর হুসাইন সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। আমি আমার জায়গা থেকে সেই সহযোগিতা দিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।’ খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
করে তিনি বলেন, মানুষ নিরাপত্তা ও স্বস্তি চায়, কিন্তু এখন নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা কাজ করছে। তিনি আরও যোগ করেন, ‘ভয়ে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে প্রতিবাদে নেমেছেন। এটি সবার জন্য লজ্জার।’
বিজ্ঞাপন
এদিকে খুলনায় পৃথক দুটি অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪টি গুলি উদ্ধার করেছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। শুক্রবার রাতে নগরের দৌলতপুর ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় এবং রাজিয়া বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। এসআরবি-৬
স্পেশাল কোম্পানি জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ১৪টি গুলিসহ পাবলা এলাকার বাসিন্দা রাজিয়া বেগমকে আটক করা হয়।
অপরদিকে, রাত দুইটার দিকে নগরের সদর থানা এলাকায় দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এসআরবি-৬ জানায়, রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং সদর থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।






