গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৬

গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৬ |
ইউএস ওপেনে নিজের দুর্দান্ত পারফর্ম্যান্স ধরে রেখে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এরিনা সাবালেঙ্কা। শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে কামিলা রাখিমোভাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। ফ্লাশিং মেডোজের তীব্র গরমের সকালে সাবালেঙ্কা শুরু থেকেই ছিলেন দারুণ আক্রমণাত্মক। প্রথম সেটেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি। ম্যাচ শেষে কোর্টে দাঁড়িয়ে হাসিমুখে বলেন, ‘সকালের সেশনে এবারই প্রথম খেললাম, তাও আবার দর্শকে ঠাসা স্টেডিয়ামে। আমি সত্যিই কৃতজ্ঞ, এটি আমার জন্য স্বপ্নের মতো।’ সমগ্র ম্যাচ জুড়েই নিজের পাওয়ার-প্যাকড সার্ভিসের প্রদর্শনী দেখিয়েছেন সাবালেঙ্কা। পুরো ম্যাচে

১০টি এস মারার পাশাপাশি কোনো ব্রেক পয়েন্টের মুখোমুখি হতে হয়নি তাকে। এমনকি নিজের প্রথম সার্ভিসে মাত্র চারটি পয়েন্ট হারান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমার খুব ভালো লাগছিল। পরিসংখ্যানগুলো অবিশ্বাস্য ছিল। একপর্যায়ে স্ক্রিনে দেখলাম প্রথম সার্ভিসের শতভাগ সাফল্য দেখাচ্ছে। তা দেখে আমি নিজেও কিছুটা অবাক হয়ে যাই।’ তবে প্রথম সেটে একটি ভিন্নধর্মী ঘটনার মুখোমুখি হতে হয় সাবালেঙ্কাকে। লুইস আর্মস্ট্রং স্টেডিয়াম কোর্টে হঠাৎ করেই গাঁজার তীব্র গন্ধ ভেসে আসলে তিনি আম্পায়ার ইভা আসদেরাকি-মোরকে বিষয়টি জানান। গন্ধের কারণে অল্প সময়ের জন্য খেলা স্থগিত রাখতে হয়। দ্বিতীয় সেটে অবশ্য রাখিমোভা ভালোই লড়াই চালিয়ে যান। সাবালেঙ্কার শক্তিশালী সার্ভিসের সামনে বাধা তৈরি করার পাশাপাশি নিজের

চারটি ব্রেক পয়েন্ট বাঁচান তিনি। তবে শেষপর্যন্ত সাবালেঙ্কা নিজের নিখুঁত রিটার্নের মাধ্যমে প্রয়োজনীয় ব্রেক পয়েন্টটি তুলে নেন এবং জয় নিশ্চিত করেন। প্রতিপক্ষের প্রশংসায় সাবালেঙ্কা বলেন, ‘দ্বিতীয় সেটে সে অবিশ্বাস্য খেলেছে। আমাকে কঠোর চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, যা আমাকে নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। দুই সেটেই ম্যাচটি শেষ করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’ এই জয়ের মাধ্যমে ইউএস ওপেনে টানা ১৬টি ম্যাচে জয় পেলেন সাবালেঙ্কা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরেনা উইলিয়ামসের টানা তিনবার শিরোপা জয়ের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই বেলারুশিয়ান তারকা। ঘরের পরিবেশের অনুভূতি বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে টানা সাফল্য পাওয়ায় ফ্লাশিং মেডোজের হার্ড কোর্ট এখন

সাবালেঙ্কার কাছে একদম নিজের ঘরের মতো মনে হয়। তিনি বলেন, ‘আমি নিউ ইয়র্ক শহরকে খুব ভালোবাসি। সম্ভবত এ কারণেই এখানে নিজেকে নিজের বাড়িতে থাকার মতো মনে হয়। সবকটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এই কোর্টেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।’ চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কার মুখোমুখি হবেন আমেরিকার টেলর টাউনসেন্ড অথবা রাশিয়ার ডিয়ানা স্নাইডার। আমেরিকান দর্শকের সমর্থনপুষ্ট টাউনসেন্ডের বিপক্ষে খেলা কিংবা ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে তাকে হারানো স্নাইডারের বিরুদ্ধে আবার মুখোমুখি হওয়া—দুই ক্ষেত্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তার জন্য। স্থানীয় দর্শকদের বিপরীত সমর্থনের মুখোমুখি হতে হলেও যে তিনি প্রস্তুত, তা পরিষ্কার করে দিয়েছেন সাবালেঙ্কা। তিনি বলেন, ‘তারা যে আমার চেয়ে নিজেদের দেশের খেলোয়াড়কেই বেশি সমর্থন

করবে, এটাই স্বাভাবিক। এখন আমি এটি স্বাভাবিকভাবে মেনে নিতে শিখেছি। বাইরের কোনো কোলাহল বা শব্দে কান না দিয়ে নিজের খেলায় মনোযোগ রাখতে আমি বেশ পারদর্শী।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব