আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনা শুরুর আবহের মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অন্তত তিন হাজার মার্কিন প্যারাট্রুপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। হামলা-পাল্টা হামলার মধ্যে এ সেনা মোতায়েনের পরিকল্পনা ইরানে সম্ভাব্য স্থল অভিযানের গুঞ্জনকে আরও শক্তিশালী করছে। অব্যাহত হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে দুই পক্ষেরই। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা ইতিবাচক প্রভাব দেখা গেছে। পরিচয় গোপন রাখার শর্তে মার্কিন সরকারের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার এনপিআর জানায়, যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশন দুই থেকে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য লিখিত আদেশ পেয়েছে। এসব সেনা আদেশের ১৮ ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী মোতায়েনের জন্য

প্রস্তুত থাকে। এরই মধ্যে পারস্য উপসাগরের দিকে অগ্রসরমান রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট। এগুলোতে ছয় থেকে আট হাজার মার্কিন স্থলসেনা রয়েছে। মার্কিন গণমাধ্যমটির দাবি, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। গতকাল ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ২৬তম দিন। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হচ্ছে না। তবে কয়েকটি বন্ধু দেশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে। কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরানবিষয়ক যে কোনো আলোচনায় জিসিসিভুক্ত দেশগুলোর অবশ্যই স্থান থাকতে হবে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, যুদ্ধ

শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ২৪৩ শিক্ষক-শিক্ষার্থী নিহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল এক দিনে ২০৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটির আনবার প্রদেশে পিএমএফের ঘাঁটিতে বিমান হামলায় ইরাকের সাত সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছেন। প্রস্তাব ইরানের হাতে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের দুজন কর্মকর্তা গতকাল বুধবার এপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরান পেয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে বলেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা সহজতর করতে তাঁর দেশ ‘প্রস্তুত’। এ বিবৃতির পর তিনি প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এক্স অ্যাকাউন্টে ট্যাগ

করেন। শাহবাজ লেখেন, ‘চলমান সংঘাতের পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনা সহজতর করতে আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত ও সম্মানিত।’ যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গে আলোচনা করছে, বলছে ইরান ইরানের সঙ্গে আলোচনা চলছে– প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি আবারও প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক রেকর্ড করা ভিডিওতে দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আপনারা যে কৌশলগত শক্তির কথা বলতেন, তা এখন কৌশলগত ব্যর্থতায় পরিণত হয়েছে। যারা নিজেদের বিশ্ব পরাশক্তি বলে দাবি করে, তারা পারলে এতদিনে এ জগাখিচুড়ি থেকে বেরিয়ে আসত। নিজেদের পরাজয়কে চুক্তি বলে চালাবেন না। আপনাদের ফাঁকা প্রতিশ্রুতির যুগ

শেষ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?’ আলোচনা আয়োজনের সমর্থন চীনের আলজাজিরা জানায়, যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আয়োজনের পাকিস্তানের প্রস্তাবের প্রতি চীন সমর্থন জানিয়েছে। বেইজিংয়ে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা এখন আরও গুরুত্বপূর্ণ কাজ। চীন উত্তেজনা প্রশমন, পরিস্থিতি শান্ত করা ও সংলাপ পুনরুদ্ধারের সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে।’ মধ্যস্থতায় নেই কাতার কাতার বলছে, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি গত মঙ্গলবার বলেন, ‘আমাদের সম্পূর্ণ নজর এখন দেশের ক্ষয়ক্ষতি চিহ্নিতকরণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর।’ ট্রাম্পের

১৫ দফা শান্তি প্রস্তাবে কী আছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এ প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও বেশ কয়েকটি শর্ত সম্পর্কে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যম। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, এ শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো– ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা। শর্তের মধ্যে আছে– ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ ও ধ্বংস করে ফেলতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোকে (প্রক্সি) সমর্থন ও সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা রয়েছে, তা পুরোপুরি ধ্বংস করতে হবে। কখনোই

পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না— এমন লিখিত অঙ্গীকার দিতে হবে। শর্তে আরও আছে– হরমুজ প্রণালি সব সময় খোলা রাখতে হবে। একে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ ঘোষণা করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, যা শুধু আত্মরক্ষার কাজে ব্যবহার করা যাবে। বিবিসি জানায়, শর্ত মানলে ইরানকে বুশেহর শহরে বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে। সেই সঙ্গে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের শর্ত মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। ইরানের কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে, যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধের দাবি জানিয়েছে ইরান। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দাম কিছুটা কমেছে এশিয়ার বাজারে গতকাল বুধবার দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা যায়। বিবিসি লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলে দাবি করার পর এ পরিস্থিতি তৈরি হয়। তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছেন। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলার হয়েছে। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গতকাল ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দিনের একাংশে ৪০ মিনিটের মধ্যে ইরান ইসরায়েলে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটির আশাপাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের সম্মতির পর হরমুজ পার হলো থাই ট্যাঙ্কার আলজাজিরা জানায়, থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর একটি থাই তেলবাহী ট্যাঙ্কার নিরাপদভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ব্যাংচাক করপোরেশন এ তথ্য নিশ্চিত করেছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও সাংবাদিকদের বলেন, ‘আমি অনুরোধ করেছিলাম, থাই জাহাজগুলোর যদি এ প্রণালি দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তবে তারা নিরাপদ পারাপার নিশ্চিত করতে সহায়তা করতে পারে কিনা? তারা (ইরান) ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে, তারা বিষয়টি দেখবে। পাশাপাশি কোন কোন জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করবে, আমাদের কাছে সেগুলোর নাম চেয়েছে।’ বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। ইরানের সম্মতি নিয়ে কিছু তেলবাহী ট্যাঙ্কার চলাচল করছে। এরদোয়ানের প্রশংসায় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ‘দৃঢ় অবস্থানের’ প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মুসলিম বিশ্বের সংহতি বজায় রাখতে আঙ্কারা ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে। এর আগে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানে ভূমিকা পালন করছে’ আঙ্কারা। এর মূল লক্ষ্য– দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো ও সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। ইরানের রাজনৈতিক ব্যবস্থা ব্যক্তিবিশেষের চেয়েও বেশি দিন টিকে থাকার জন্য নির্মিত: বিশ্লেষক তেহরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের ফেলো আবাস আসলানি বলেন, চলমান সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। তবে, তেহরানে সিদ্ধান্তগুলো এমন একটি প্রক্রিয়ায় নেওয়া হয়, যেখানে প্রত্যেকেরই ভূমিকা ও প্রভাব রয়েছে। ব্যবস্থাটি এমনভাবে নির্মিত হয়েছে যে, এটি ব্যক্তিবিশেষের চেয়েও বেশি দিন টিকে থাকে। আলজাজিরাকে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো হলো– সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, যা মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও গোয়েন্দা থেকে শুরু করে সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত। বিভিন্ন প্রতিষ্ঠান, পরিষদ ও ব্যক্তির সমন্বয়েই ইরানের বর্তমান সিদ্ধান্তগুলো রূপ পাচ্ছে। তিনি বলেন, ‘পরিবর্তনের চেয়ে আমরা স্পষ্টতই একটি ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। যেহেতু নতুন রদবদল হয়েছে, আমরা সুর বা নীতির দিক থেকে তেমন কোনো পরিবর্তন অনুভব করছি না।’ গাজার মতো লেবাননেও একই ধ্বংসযজ্ঞ চালাতে চান নেতানিয়াহু: স্পেনের প্রধানমন্ত্রী আলজাজিরা জানায়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যা করেছেন, লেবাননেও ঠিক একই মাত্রার ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালাতে চান। সংসদে দেওয়া বক্তব্যে সানচেজ বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ একটি চরম বিপর্যয়, যা চিরচেনা সন্দেহভাজনদের স্বার্থ চরিতার্থ করার জন্য শুরু করা হয়েছে। আর এসব কীসের জন্য? আন্তর্জাতিক আইনকে দুর্বল করতে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে, ইরাক ও লেবাননে সংঘাত ফের উস্কে দিতে এবং বিস্মৃতি ও উদাসীনতার ধ্বংসস্তূপের নিচে গাজাকে চাপা দিতে। মার্কিন সেনারা নেতানিয়াহুর ভ্রান্ত ধারণার ভুক্তভোগী হবেন: ইরানের সংসদ স্পিকার ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, তেহরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের ওপর কড়া নজর রাখছে। এক্সে দেওয়া পোস্টে গালিবফ বলেন, ‘জেনারেলরা যা ভেঙেছেন, সেনারা তা ঠিক করতে পারবেন না। বরং তারা নেতানিয়াহুর ভ্রান্ত ধারণার ভুক্তভোগী হবেন। আমাদের ভূমি রক্ষার সংকল্পকে পরীক্ষা করবেন না।’ ইরানে ১৫ হাজারের বেশি বোমা ফেলেছে ইসরায়েল আলজাজিরা জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ১৫ হাজার বোমা ফেলেছে ইসরায়েল। এটি গত বছরের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধের চার গুণ বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা