আরও খবর
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ
আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ২৪ ঘণ্টা করে মোট সাত দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় ও যানবাহন চলাচল পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর বিবিএ এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) নেওয়া দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। প্রকল্পের নির্বাহক প্রতিষ্ঠান বিবিএ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। ২০২৩
সালের ৩ সেপ্টেম্বর ফার্মগেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে চালুর পর শুরুতে দিনে ৩০ হাজার যানবাহন চলাচল করেছে বলে জানিয়েছিল এফডিইই। বর্তমানে তাদের তথ্য অনুযায়ী, যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে দিনে ৭৫ হাজার হয়েছে।
তবে এই গাড়ির সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা (এসবি) সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বরাবর একটি তদন্ত প্রতিবেদন দেয়। এতে বলা হয়, গোপন অনুসন্ধানে দেখা গেছে দৈনিক প্রায় লক্ষাধিক যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কমিয়ে বলছে এফডিইই। দৈনিক যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানোর লক্ষ্যে কিছু যানবাহনের টোল আদায়ের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে
ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লে কিছু ক্ষেত্রে সফটওয়্যার-জেনারেটেড বা অনলাইন রসিদ ইস্যু না করে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। একই টোল রসিদ বা রসিদের অনুলিপি একাধিক যানবাহনের ক্ষেত্রে পুনরায় ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এর ফলে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কম দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে, যা সরকারের প্রাপ্য রাজস্ব আদায়কে ব্যাহত করছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যক্তিগত গাড়ি, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) ক্ষেত্রে টোল ৮০ টাকা। এছাড়া ১৬ বা এর বেশি
আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য টোল ৪০০ টাকা নির্ধারিত রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ৮০ টাকা টোল দেওয়ার যানবাহন।
বিজ্ঞাপন
গত রোববার কুড়িলে এফডিইই’র প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে দুদক জানিয়েছে, টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে।
প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা বলেন, ‘যেহেতু টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে, তাই আমরা এটা যাচাই করে দেখতে চাই। কাল ভোর ৬টা
থেকে ২৪ ঘন্টা টানা ৭ দিন ২২টি লেনে বিবিএ’র কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করে যানবাহন কত চলাচল করছে তা পর্যবেক্ষণ করবে। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা ৭ দিন যানবাহন চলাচল পর্যবেক্ষন করা হবে।’
এছাড়া টোল আদায়ে অনিয়ম ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়সহ অন্যান্য বিষয় নিয়ে গত ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে এফডিইইকে। সাত দিন পার হলে এফডিইই’র ব্যাখ্যা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক গোলাম মর্তুজা।
চুক্তি অনুযায়ী, নির্মাণ কাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, এরপর তা হস্তান্তর করা হবে বিবিএ’র কাছে। চুক্তি অনুযায়ী,
১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে সরকার রাজস্ব পাবে। আবার টানা ১৫ দিন দৈনিক ১৩ হাজারের কম গাড়ি চলাচল করলে সরকার বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি দেবে।





