আরও খবর
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার পর তা পুনরায় আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যেই এই প্রতিকৃতিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে।
বিজ্ঞাপন
এর আগে ৬ নভেম্বর প্রতিকৃতিটির মুখে প্রথমবার কালি লেপে দেওয়া হয়েছিল। সেই সময় শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে অঙ্কন করেছিলেন। তবে ১৬ দিনের মাথায় গতকাল রোববার আবারও দুষ্কৃতকারীরা প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেয়।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ
সোমবার বলেন, ‘আমরা বিষয়টি দেখেছি। প্রতিকৃতিটি ঠিক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। দু-এক দিনের মধ্যে এ কাজ করা হবে। যিনি এটি এঁকেছিলেন, তিনি একটু অন্য কাজে ব্যস্ত আছেন। আমরা তাঁকে বলব।’ তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের দুটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, বারবার এমন ঘটনা ঘটে যাচ্ছে, এটা খারাপ বিষয়। এ ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পুলিশ চেষ্টা করেও সংগ্রহ করতে পারছে না।
গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা
সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়েছিল। ওসি আরও বলেন, ঘটনাস্থলটি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার একেবারে সীমান্তে পড়েছে। শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানার একটি দল সব সময় দায়িত্ব পালন করে। এ কারণে ওই এলাকায় সদর থানার টহল কিছুটা কম থাকে। এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। এখন থেকে ওই এলাকায় টহল জোরদার করা হবে। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
প্রথমবার ও পরে নতুন করে প্রতিকৃতি আঁকার কাজ করা শিল্পী রেজাউল করিম বলেন,
বিষয়টি তাঁর জন্যও নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে। তবে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য ডাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় তিনি কাজটি অবশ্যই করবেন।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান বলেন, এই ভূখণ্ডের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিনের সম্পর্ক। শিলাইদহ, শাহজাদপুর, পতিসর, তাঁর পিতৃপুরুষের আদি নিবাস খুলনার পিঠাভোগ ও শ্বশুরবাড়ি ফুলতলার দক্ষিণডিহিতে গেলে বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি পাওয়া যায়। ‘গীতাঞ্জলি’ নামের যে কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তার বড় একটি অংশ রচিত হয়েছে শিলাইদহে। তাঁর কবিতায় পদ্মা নদীর স্মৃতিও মিশে আছে। তাই তাঁকে আলাদা দেশের কবি হিসেবে বিবেচনা করা যায় না।
তিনি বাংলা সাহিত্যের কবি, বাংলাদেশেরও কবি।
মিনা মিজানুর রহমান আরও বলেন, ‘ষাটের দশকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাঁকে আটকে রাখা যায়নি। আজ যাঁরা হীনম্মন্যতা থেকে রবীন্দ্রসংস্কৃতি ধ্বংস করতে চান, তাঁর ছবিতে কালি লেপন করে কলঙ্কিত করতে চান, তাঁরা সফল হবেন না।’
যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে থাকা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটির মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।





