ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা
গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র
আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক
অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য?
শামীম আহমেদ, কানাডা।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে আখ্যায়িত করে তাকে ট্রাভেল পাস বা পাসপোর্ট ইসু না করে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আনার কথা বলেছেন। এবং বলেছেন বেশ অসভ্যভাবে। প্রায় একই সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নাকি বলেছিলেন শেখ হাসিনা ফিরলে তাকে আদালতের রায় অনুযায়ী ফাঁসি কার্যকর করে লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে। আবার শেখ হাসিনা যথাযথ প্রক্রিয়ায় পাসপোর্ট ও ন্যাশনাল আইডির আবেদন করেছেন খবরটি প্রকাশ পাবার পর তিনি বলেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা
হচ্ছে এবং তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা কিছু স্বল্পশিক্ষিত ও বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে নির্বোধ শ্রেণীর হিসেবে গত ৮-৯ মাস ধরে নিজেদের প্রমাণ করছেন। অথচ এই দলে একসময় মওদুদ আহমেদ, মইন খান, বদরুদ্দোজা চৌধুরী, সাইফুর রহমান, আবদুল মান্নান ভুঁইয়া, এম কে আনোয়ারদের মতো প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন ভাবতে অবাক লাগে।
ভারত বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির তেমন জানেন বলে আমি মনে করি না। তিনি একজন নির্বোধ ও হাস্যস্পদ ব্যক্তি হিসেবেই পরিচিত। কিন্তু সালাহউদ্দিন সাহেব সম্ভবত জেনেও ছলচাতুরি করছেন।
আসুন এই চুক্তি নিয়ে কিছুটা আলোচনা
করা যাক। লেখাটি শেয়ার করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে কেউ এ বিষয়ে অহেতুক তর্ক করতে আসলে উত্তম জবাব দিতে পারেন।
২০১৩ সালে দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাক্ষরিত “ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ বিষয়ক চুক্তি” (সংক্ষেপে “ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, ২০১৩”) দুই দেশের মধ্যে প্রত্যর্পণ ব্যবস্থার ভিত্তি। ২০১৬ সালের ২৮ জুলাই পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তির অনুচ্ছেদ ১০(৩) সংশোধন করা হয়, যাতে পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণ সহজ হয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে (বাঁয়ে) এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ২৮ জানুয়ারি ২০১৩ তারিখে বাংলাদেশের
ঢাকায় প্রত্যার্পন চুক্তি স্বাক্ষরের পর করমর্দন করছেন।
তবে চুক্তি কোনো নিঃশর্ত বা স্বয়ংক্রিয় বাধ্যবাধকতা তৈরি করে না। বরং যে রাষ্ট্রের কাছে অনুরোধ করা হয় (এ ক্ষেত্রে ভারত), তাকে উল্লেখযোগ্য আইনি স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে সে নিজের অভ্যন্তরীণ স্বাভাবিক ন্যায়বিচারের নীতিগত বিষয়াদির সঙ্গে সাংঘর্ষিক বিষয়াদি যাচাই করে প্রয়োজন অনুযায়ী যে কোন অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। এই বিবেচনাধীন ক্ষমতার একটি প্রধান শর্ত হলো দ্বৈত অপরাধের নীতি, অর্থাৎ যে অপরাধে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, তা দুই দেশের আইনেই দণ্ডনীয় হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো প্রত্যর্পণযোগ্য প্রকৃতির, এ কথা বলা গেলেও চুক্তির ব্যতিক্রমগুলো এবং ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় ভারত
এখনো সেগুলোর আইনি যুক্তি বা প্রক্রিয়াগত সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে, বিশেষ করে তিনি যেহেতু অনুপস্থিতিতে বিচারের মুখোমুখি হয়েছেন। যেসব ব্যতিক্রম ও পরিস্থিতিতে অনুরোধকৃত রাষ্ট্র প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে, সেগুলো হলো:
১. রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম (অনুচ্ছেদ ৬):
চুক্তির অনুচ্ছেদ ৬ অনুযায়ী “রাজনৈতিক প্রকৃতির অপরাধ”-এর ক্ষেত্রে প্রত্যর্পণ নিষিদ্ধ, যদিও উপ-অনুচ্ছেদ (২)-এর অধীনে হত্যা বা সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধ এই ব্যতিক্রমের বাইরে রাখা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগ যেহেতু হত্যা ও মানবতাবিরোধী অপরাধ, তাই ভারত সরাসরি এই ধারার আশ্রয় না নিয়ে অনুচ্ছেদ ৮-এর (iii) দফার ওপর জোর দিয়ে যুক্তি দিতে পারে যে অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি। অর্থাৎ মামলাটি প্রকৃত ফৌজদারি মামলা নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা “রাজনৈতিক প্রতিহিংসা”, এই সিদ্ধান্তে পৌঁছালে ভারত অনুরোধ নাকচ করতে পারে।
২. প্রত্যাখ্যানের ভিত্তি (অনুচ্ছেদ ৮):
অনুচ্ছেদ ৮ ভারতকে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তি দেয় যদি অনুরোধটি “অন্যায্য বা পীড়নমূলক” হয়। এর মধ্যে সেই ক্ষেত্রগুলোও পড়ে, যেখানে বিচার রাজনৈতিক প্রকৃতির এবং সরল বিশ্বাসে করা নয়। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও দণ্ড, এবং এর নেপথ্যের রাজনৈতিক উদ্দেশ্যের প্রেক্ষাপটে এই ধারা প্রয়োগের জোরালো ভিত্তি ভারতের আছে।
৩. ভারতের নিজস্ব বিচারের অধিকার:
ভারত যদি প্রত্যর্পণপ্রার্থী ব্যক্তিকে নিজের আদালতে বিচার করার পথ বেছে নেয়, তাহলেও সে অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। এই পদ্ধতি “হয় বিচার করো, নয় প্রত্যর্পণ করো” (aut dedere aut judicare) আন্তর্জাতিক নীতির ওপর দাঁড়িয়ে। দণ্ড-পরবর্তী বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার ক্ষেত্রে এটি প্রয়োগের সম্ভাবনা খুবই কম, তবে তা ভারতের বিবেচনাধীন ক্ষমতাকে আরও জোরদার করে।
৪. ভারতের অভ্যন্তরীণ আইন কী বলে?
ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইন সরকারকে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার ব্যাপক ক্ষমতা দিয়েছে। ধারা ২৯ অনুযায়ী অনুরোধ রাজনৈতিকভাবে অনুপ্রাণিত মনে হলে, সরল বিশ্বাসের অভাব থাকলে, অথবা “ন্যায়বিচারের স্বার্থের” সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে হস্তান্তর বা ফেরত পাঠানো প্রত্যাখ্যান করা যায়। এই আইন সরকারকে কার্যক্রম স্থগিত করার বা অভিযুক্তকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ারও ক্ষমতা দেয়। ফলে চুক্তির বিধান বাংলাদেশের অনুকূলে হেলে থাকলেও ভারতের অভ্যন্তরীণ আইন প্রত্যাখ্যানের একটি স্পষ্ট আইনি ভিত্তি যোগায়।
সার্বিকভাবে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি মূলত দুটি কারণে কার্যকর হবে না। প্রথমত, শেখ হাসিনার বিচার যে আদালতে হয়েছে এবং যেভাবে হয়েছে সেটি অবৈধ এবং আন্তর্জাতিক ও আভ্যন্তরীণভাবে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, শেখ হাসিনার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ রাজনৈতিক, এর কোন বিচারিক ভিত্তি নেই।
কেন শেখ হাসিনার বিচার অবৈধ?
১) ডঃ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। যদি করতেনও সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে ক্ষমতা যাওয়ার কথা, সেটা যায় নাই। তাই এই সরকারের কোন আইনী ভিত্তি নাই।
২) ডঃ ইউনুসের সরকারের বৈধতা দাবী করে তারা যে অজুহাত দিচ্ছে সেটি হচ্ছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী। অথচ এই অনুচ্ছেদের ব্যাখ্যা থেকেই তাদের দখলদার সরকার যে অবৈধ, সেটি পরিষ্কার হয়ে যায়।
এই অনুচ্ছেদে বলা হয়েছে “যদি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে, সেই সম্পর্কে সুপ্রীম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপীল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানীর পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন।”
এখন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চের কাছে এই বিষয়ে মতামত চেয়েছেন, এবং তারা সবসম্মতিক্রমে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন যৌক্তিক বলেছেন, এমন কোন বৈধ দলিল-দস্তাবেজ নাই। উপরন্তু ওই সময়ে আদালতের কয়জন বিচারক ক্যান্টনমেন্টে নিরাপত্তা আশ্রয়ে ছিলেন, সেই তথ্য সেনাবাহিনী উন্মুক্ত করেছে, ফলশ্রুতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ণাঙ্গ বেঞ্চের সম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি রাতের অন্ধকারে তড়িঘড়ি করে আদালতের সম্মতি পাবার কথা বলা হয়েছে, ফলশ্রুতিতে এটি পরিষ্কার যে এই সরকার অবৈধ, সাথে তাদের গঠিত সকল নতুন আইন-আদালত-সংশোধন।
৩) ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করার জন্য ১৯৭৩ সালের ১৯ নম্বর আইন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন ১৯৭৩ প্রণয়ন করা হয়। এই আইনে যুদ্ধাপরাধ হিসেবে খুন, নির্যাতন, বেসামরিক লোকদের বাংলাদেশের ভৌগলিক সীমারেখায় জোর করে বন্দী রেখে কাজ করানো এবং দেশ থেকে বিতাড়ন, যুদ্ধবন্দী ও সাধারণ বন্দীদের হত্যা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পত্তি দখলকে অন্তর্ভুক্ত করা হয়। এই আইনের আওতায় কেবলমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন অপরাধী, তারা যে দেশের নাগরিকই হোক না কেন, তাদের বিচার করা সম্ভব। এর বাইরে এই আইনের কোন এখতিয়ার নাই।
সুতরাং এই আইনে শেখ হাসিনার ২০২৪ সালের ‘তথাকথিত’ ‘আরোপিত’ বিচার করার সুযোগ নাই।
৪) ক) ডঃ ইউনুসের অবৈধ সরকার ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ১৭ অক্টোবর ট্রাইব্যুনালটি পুনর্গঠন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর তারা এই আইন চারবার সংশোধন করেছে যার প্রতিটি অবৈধ।
খ) বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের বৈধ ক্ষমতা থাকে কেবলমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বৈধ সংসদের হাতে। যেহেতু বর্তমানে কিংবা ট্রাইবুনাল পুনর্গঠনের সময়ে কোন সংসদ কার্যকর নেই বা ছিল না, সেহেতু কোন আইন সংশোধনের এখতিয়ার ওই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না।
গ) বাংলাদেশের সংবিধানের ৭ এবং ৭ এর ক অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ এই ধরণের আইন পরিবর্তন করতে পারবে না।
ঘ) এই আইন পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে এবং সেটি করতে হলে ১) সংসদ থাকতে হবে, ২) সংসদের দুই-তৃতীয়াংশ সমর্থন থাকতে হবে। যেটি তৎকালীন ডঃ ইউনুস সরকারের ছিল না। তাই এই আইনের যে কোন সংশোধনী এবং সকল রায় অবৈধ।
ঙ) বাংলাদেশের সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী বিচারবিভাগ স্বাধীন। কোন কারণে যদি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তবে তা সংবিধান লঙ্ঘন এবং ওই অবস্থায় এই ধরণের ট্রাইবুনালের কার্যক্রম অবৈধ হিসেবে বিবেচিত হবে। যেহেতু আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত ব্যতিরেকে, এবং যেহেতু সকল বৈধ বিচারককে অস্ত্রের মুখে নজিরবিহীনভাবে আদালত থেকে সরিয়ে দেয়া হয়েছে, সুতরাং সংবিধানের ২২ অনুচ্ছেদ ভূলুণ্ঠিত হয়েছে।
অর্থাৎ, যে কোন বিবেচনাতেই শেখ হাসিনার রায় অবৈধ। যারা শেখ হাসিনাকে ২০২৪ সালের ষড়যন্ত্র মোকাবেলায় দায়ী মনে করেন, তারা চাইলে সাধারণ আদালতে তার বিরুদ্ধে মামলা করে তাকে বিচারের মুখোমুখি করতে পারেন, কিন্তু যেহেতু তার বিচারিক প্রক্রিয়ায় জড়িত ডঃ ইউনুস সরকার অবৈধ এবং একই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম দল আওয়ামী লীগকে অন্যায্যভাবে নিষিদ্ধ করে নির্বাচন করা হয়েছে; ফলশ্রুতিতে বর্তমান বিএনপি সরকারও সেহেতু অবৈধ, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংশোধনী যেহেতু অবৈধ, সেহেতু এর কোন কার্যক্রমের কোন ভিত্তি নাই।
৫) এখন যেহেতু এটি পরিষ্কার যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইউনুসের সরকার অবৈধ, তারেকের সরকার অগ্রহণযোগ্য এবং ৫ অগাস্ট ২০২৪ এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসের যে কোন সংশোধনী অবৈধ, সেহেতু এই ট্রাইবুনালের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত অপরাধ ছাড়া অন্য কোন মামলা পরিচালনার এখতিয়ার নেই।
যেহেতু বিগত দুই সরকার অসংবিধানিক এবং এই ট্রাইবুনালের ২০২৪ এর সংশোধনী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ, সুতরাং ৫ অগাস্ট ২০২৪ এর পরে এর অধীনে যে কোন নতুন মামলা, আসামী, আইনজীবী, বাদী, বিবাদী, রায় সংবিধান এবং আইনের চোখে – null and void.
কেন শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মান পূরণ করে না?
শেখ হাসিনার বিচার বেশ কয়েকটি মূল কারণে আন্তর্জাতিক ন্যায্য বিচারের মান পূরণ করে না।
প্রথমত, তাঁকে অনুপস্থিতিতে বিচার করা হয়েছে, যা নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (ICCPR)-এর অনুচ্ছেদ ১৪-এর প্রতিষ্ঠিত প্রথাগত নীতির সরাসরি পরিপন্থী, যা প্রত্যেক ব্যক্তিকে ন্যায্য ও প্রকাশ্য শুনানির অধিকার দেয়। এই অনুচ্ছেদ আরও নিশ্চিত করে যে অভিযুক্তকে আদালতে সশরীরে উপস্থিত থাকার, সাক্ষ্য শোনার, সাক্ষীকে জেরা করার এবং নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিটি বারবার জোর দিয়েছে যে ন্যায্য বিচারের জন্য এই নিশ্চয়তাগুলো অপরিহার্য। হাসিনা আদালতে উপস্থিত ছিলেন না এবং কার্যক্রমে পূর্ণ অংশগ্রহণের সুযোগ পাননি, তাই ন্যায্য বিচারের মৌলিক ভিত্তিই স্পষ্টভাবে ক্ষুণ্ণ হয়েছে।
দ্বিতীয়ত, যে আদালতে বিচার হচ্ছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) রাজনৈতিক অপব্যবহার ও অন্যায্য প্রক্রিয়ার নথিভুক্ত ইতিহাস আছে। ট্রাইব্যুনালটি মূলত হাসিনার সরকারই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অপরাধের বিচারের জন্য গঠন করেছিল, কিন্তু আন্তর্জাতিক ন্যায্য বিচারের মান পূরণে বারবার ব্যর্থ হওয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার করা এবং মৃত্যুদণ্ড আরোপের জন্য এটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও এই উদ্বেগজনক ধারা অব্যাহত আছে। সরকারটি ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে রোম সংবিধির আদলে কমান্ড দায় ও মানবতাবিরোধী অপরাধের বিধান যুক্ত করেছে এবং মৃত্যুদণ্ডকে আরও সুনির্দিষ্ট রূপ দিয়েছে। এমন ইতিহাসের একটি ট্রাইব্যুনালে বিচার নিরপেক্ষ ও ন্যায্য হওয়া নিয়ে গুরুতর সংশয় তৈরি করে।
তৃতীয়ত, বাংলাদেশের সাংবিধানিক বিধানগুলোই এ ধরনের বিচারে অভিযুক্তের অধিকারকে দুর্বল করে। অনুচ্ছেদ ৪৭(৩) ও ৪৭ক আন্তর্জাতিক অপরাধে (যেমন যুদ্ধবন্দী, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ) অভিযুক্তদের গুরুত্বপূর্ণ সুরক্ষা থেকে বঞ্চিত করে, যেমন ন্যায্য বিচারের অধিকার, আইনি প্রতিকারের অধিকার এবং অন্য সব নাগরিকের জন্য প্রযোজ্য সাংবিধানিক রক্ষাকবচ। এর অর্থ, এই বিধানের আওতায় থাকা অন্য অভিযুক্তদের মতো হাসিনাও ন্যায়বিচারে সমান সুযোগ পান না, এমনকি বাংলাদেশের সুপ্রীম কোর্টে আপিল করার ক্ষেত্রেও নয়। এটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী।
সুতরাং শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মান পূরণ করে না, কারণ তাঁকে অনুপস্থিতিতে বিচার করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের ইতিহাসের কারণে ট্রাইব্যুনালের স্বাধীনতার ঘাটতি আছে, সাংবিধানিক সুরক্ষা দুর্বল, এবং আইনব্যবস্থা এখনো মৃত্যুদণ্ডের মতো এমন প্রথা অনুমোদন করে, যার জন্য সর্বোচ্চ মানের ন্যায্য প্রক্রিয়া আবশ্যক। এসব বিষয় বিচারকার্যের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করে।
আইনের বাইরে: আঞ্চলিক স্থিতিশীলতা
আইনি বিবেচনার বাইরেও ভারতকে আঞ্চলিক স্থিতিশীলতার কথা ভাবতে হবে। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, যিনি সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও সংযোগ-উদ্যোগে সমর্থন দিয়েছেন। তাঁকে একটি অস্থিতিশীল অন্তর্বর্তী শাসনের হাতে তুলে দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অস্থিতিশীল হতে পারে এবং ভারতের কৌশলগত স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। তাই ভারতের উচিত তার বিবেচনাধীন ক্ষমতা প্রয়োগের সময় ব্যাপকতর ভূরাজনৈতিক প্রভাবের কথা মাথায় রাখা।
ফলশ্রুতিতে ২০১৩ সালের চুক্তির অধীনে বাংলাদেশ বৈধভাবেই প্রত্যর্পণের অনুরোধ করতেই পারে, কিন্তু তা মেনে নিতে ভারত কোনো বাধ্যবাধকতার অধীন নয়। চুক্তির বিবেচনাধীন বিধানগুলো, বিশেষ করে অনুচ্ছেদ ৬ ও ৮, এবং ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের অধীনে ভারতের অভ্যন্তরীণ রক্ষাকবচ মিলিয়ে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতকে অনুরোধ নাকচ করার যথেষ্ট আইনি ভিত্তি দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং তাঁর সরকারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব বিবেচনায় প্রত্যর্পণ আইনিভাবে প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিকভাবে অসম্ভাব্য। তাই বাংলাদেশ চুক্তিভিত্তিক দাবি জানাতে পারলেও হাসিনার হস্তান্তর আইনি ও কূটনৈতিক, উভয় দিক থেকেই অসম্ভাব্য থেকে যাচ্ছে।
এমতাবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ন্যাশনাল আইডি ও পাসপোর্টের আবেদন করেছেন, তা তাকে দিতে হবে। এছাড়া ডঃ ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা ১২ অক্টোবর ২০২৪ এ বলেছিলেন, যদি ভারত বা অন্য কোন সরকারও শেখ হাসিনাকে ট্রাভেল পাস ইসু করে, বাংলাদেশ সরকার সেই ক্ষেত্রে কিছুই করতে পারবে না। সেটা হবে জাতির জন্য লজ্জাস্কর। যে বিএনপি সরকার শেখ হাসিনার বিচারের জন্য উন্মুখ ছিল, তারা এখন শেখ হাসিনার ফিরে আসা ঠেকানোর জন্য দফায় দফায় দিল্লি-হিল্লি করে বেড়াচ্ছে, এ থেকে বোঝা যায় তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশংকায় কম্পনা।
শেখ হাসিনাকে ফেরানোর কিংবা শেখ হাসিনার ফেরা ঠেকানোর ক্ষমতা বিএনপি সরকারের নেই। এতটুকু এখন পরিষ্কার।






