১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ October, ২০২৬

১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ |
মো. শাহজাহান শাহ ২০১০ সালে চাকরিজীবন শেষ করেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে। চাকরিজীবন শেষ করার পরই পারিবারিক সমস্যার কারণে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় তার। অগত্যা তিনি তার ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তার জন্য রক্ষিত পেনশন শতভাগ সমর্পণ করে পুরো অর্থ তুলে নেন। সেই অর্থ তিনি খরচও করে ফেলেন। এরপর স্ত্রী পিয়ারা বেগমকে নিয়ে দুই ছেলের আয়ের ওপর নির্ভর করে জীবন চালাতেন। এর মধ্যে ছেলেদের সংসার বড় হলে চাপ বাড়তে থাকে তাদের ওপরও। ২০২০ সালের দিকে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে সংসারের সেই চাপ আরও বাড়ে। ২০২১ সালে শাহজাহান মারা গেলে সেই আর্থিক চাপের সঙ্গে যোগ হয় নিঃসঙ্গতাও। সত্তরোর্ধ্ব এ

বিধবার কোনো কিছুর প্রয়োজন হলে ছেলেদের কাছেই হাত পাততে হয়। পিয়ারা বেগম বলেন, সরকার শতভাগ পেনশন সমর্পণকারীদের ১৫ বছর পর ফের পেনশন কার্যকর করার বিধান চালু করেছে। কিন্তু ফের কার্যকর করার আগে পেনশনার মারা গেলে বিধবা স্ত্রীকে তা দেওয়া হচ্ছে না। এতে আমার মতো এমন বিধবা স্ত্রীদেরই আর্থিক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। সরকার চাইলে এ সুবিধাটি দিতে পারত। যেহেতু পেনশনার স্বামী বেঁচে থাকার সময় তা কার্যকর করে গেলে স্ত্রীরা আজীবন পেনশন পান, তাই স্বামী ১৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে কেন দেওয়া হবে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এমন আবেদন শুধু পিয়ারা বেগমের একার নয়। অবসরে যাওয়ার পরপরই পারিবারিক ভবিষ্যতের

কথা চিন্তা করে কিংবা তাৎক্ষণিক জরুরি আর্থিক প্রয়োজনে নিজের অর্জিত শতভাগ পেনশন সরকারের কাছে বিক্রি (সমর্পণ) করে দিয়েছিলেন অনেকেই। এ শতভাগ সমর্পণকারীদের মধ্যে যারা ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই মারা গেছেন, তাদের বিধবা স্ত্রীদের সবারই এমন দাবি। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, এর আগে গত কয়েক বছরে তাদের কাছে এমন বেশকিছু আবেদন এসেছে। তাদের সবারই দাবি শতভাগ সমর্পণকারী পেনশনার ১৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে বিধবা স্ত্রীকে আজীবন পেনশন সুবিধা দেওয়া হোক। যদিও ঠিক কতজন আবেদন করেছিলেন, তার কোনো হিসাব মন্ত্রণালয় রাখেনি। এ ছাড়া এমন বিধবা স্ত্রীর সংখ্যা কত, তা-ও জানা যায়নি। তবে সেই আবেদনগুলো নিয়ে সরকারের ভেতরে কিছু আলোচনা

হলেও শেষ পর্যন্ত এ সুবিধা দেয়নি সরকার। এক্ষেত্রে সরকারের যুক্তি হলো, নিয়ম অনুসারে পেনশন কার্যকর করতে হবে পেনশনারকে। পেনশনার তা কার্যকর করলেই সেটা বিধবা স্ত্রী পাবেন। কিন্তু যদি পেনশনার পেনশন কার্যকরই করতে না পারেন, তবে সেটা পাওয়ার যৌক্তিকতা রাখেন না বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী। তবে চিকিৎসা ভাতা যেহেতু সমর্পণ হয় না, তাই সরকারি চিকিৎসা ভাতাটি তিনি পাবেন বা পেয়ে থাকেন। যদিও প্রজ্ঞাপনে পেনশনার ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই মারা গেলে কী হবে, তা স্পষ্ট করে বলা নেই। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘শতভাগ’ পেনশন বিক্রি বা সমর্পণ প্রথা চালু হয়। আর ২০১৭ সালের ৩০ জুন

এ পদ্ধতি বন্ধ করা হয়। পাশাপাশি একই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়। তথ্য অনুসারে, ওই সময় পর্যন্ত ২৩ বছরে ১ লাখ ৭ হাজার ৬৫২ কর্মকর্তা-কর্মচারী পেনশনের শতভাগ টাকা তুলে নিয়ে অবসরে গেছেন। ওই সময়ের নিয়ম অনুসারে এসব চাকরিজীবী দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা ও মাসিক চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। এরপর শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ (বিধি-১ অধিশাখা) ৮ অক্টোবর ২০১৮ একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের (ক) অনুচ্ছেদ অনুযায়ী, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের তারিখ থেকে ১৫

বছর সময় অতিক্রান্ত হওয়ার পর তাদের মাসিক পেনশন পুনঃস্থাপন করা হবে। কর্মচারীর এলপিআর/পিআরএল যে তারিখে শেষ হয়েছে, তার পরদিন থেকে এ ১৫ বছর সময় গণনা করা হবে। এ সুবিধাটি ১ জুলাই ২০১৭ থেকে কার্যকর করা হয়েছে। তবে এ তারিখের আগের কোনো আর্থিক বকেয়া সুবিধা প্রদেয় হবে না। পুনঃস্থাপিত পেনশনের ওপর প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদেয় হবে। শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনার ফোরাম ও অন্যদের আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা যায়। জানা যায়, এ প্রজ্ঞাপন জারির সময় পর্যন্ত শতভাগ পেনশন উত্তোলনের পর ১৫ বছর অতিক্রান্ত হয়েছে—এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। তাদের সুবিধা

দিতে সরকারের মোট ব্যয় অনুমান করা হয়েছিল ১৪৫ কোটি টাকা। ওই প্রজ্ঞাপনে পেনশনার মারা গেলে কী হবে, সে সম্পর্কে কিছু বলা না হলেও পরের বছর ২০১৯ সালে আরও একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের জারি করা প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পণকারী সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এ ছাড়া, তাদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাও নির্ধারিত নিয়মে (২০১৭ সালের প্রজ্ঞাপন অনুসারে) পাবেন। তবে জটিলতা দেখা দেয় পুনঃস্থাপনের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে, তা নিয়ে। কারণ, এ বিষয়ে কোনো প্রজ্ঞাপনেই তেমন কিছু বলা হয়নি। অর্থাৎ আলোচ্য ঘটনার সবচেয়ে সংবেদনশীল এবং আইনি জটিলতার দিকটি হলো—পেনশনার অবসরে যাওয়ার পর (১৫ বছর পূর্ণ হওয়ার আগে) মারা গেলে কী হবে। অর্থ মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ সূত্রে জানা যায়, স্পষ্ট কিছু বলা না থাকায় আর্থিক কষ্টে থাকা অনেক বিধবা স্ত্রী তাদের পেনশন সুবিধা চালুর আবেদন করেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত এ সুবিধা আর চালু হয়নি। কর্মকর্তারা বলছেন, যেহেতু মূল পেনশনারের জন্যই পেনশনটি কাগজে-কলমে পুনরুজ্জীবিত হয়নি, তাই তার মৃত্যুর পর তার স্ত্রী বা পরিবারের কাছে এটি ‘পারিবারিক পেনশন’ হিসেবে স্থানান্তরিত হতে পারে না। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যেহেতু প্রজ্ঞাপনে ‘পুনঃস্থাপিত হয়ে থাকলে’ এই ‘পুনঃস্থাপিত পেনশন পাবেন’—এমনভাবে বলা আছে, সুতরাং পুনঃস্থাপিত না হলে বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী এ সুবিধা প্রাপ্য হতে পারেন না। বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীর পেনশন পাওয়ার পূর্ব শর্ত হলো অবসরপ্রাপ্ত কর্মচারীকে তার পেনশন পুনঃস্থাপন করে যেতে হবে। আর সেটা করতে হবে অবসরের ১৫ বছর পর। এসব কারণে যারা আবেদন করেছিলেন, তাদের সেই আবেদনে সায় দেয়নি সরকার। ওই কর্মকর্তা মনে করেন, শতভাগ সমর্পণের পরও সরকার না চাইতেই ১৫ বছর পর পেনশন ফের প্রতিস্থাপনের সুযোগ দিয়েছে, যা কর্মচারীর বাড়তি পাওনা। তার ওপর সেই পেনশন পুনঃস্থাপিত হওয়ায় তার বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীকেও আজীবন পেনশন দিচ্ছে সরকার। এটাও আরেকটা বাড়তি পাওনা। এতকিছুর পরও আরও সুবিধা চাওয়াটা যৌক্তিক নয়। তবে অনেকের মতে, এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে। তাদের মতে, পূর্ণ পেনশন বিক্রি করে স্বামী মারা যাওয়ার সময় সেই অর্থ কোথায় বা কীভাবে ব্যয় হয়েছে, তা রাষ্ট্র বা প্রশাসনের পক্ষে যাচাই করা সম্ভব নয়। অনেক সময় দেখা যায়, পেনশনের এককালীন অর্থ পারিবারিক চিকিৎসা, ঋণ পরিশোধ বা অন্য কোনো জরুরি সংকটে দ্রুত শেষ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় পর পরিবারটি, বিশেষ করে প্রবীণ বিধবা স্ত্রী সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। আর এদের সংখ্যা হয়তো খুব বেশি নয়। ফলে সরকারকে এ সুবিধার জন্য খুব বেশি আর্থিক ব্যয়ও করতে হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের