আরও খবর
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গোষ্ঠীনিধন সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। এটি বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা। প্রায় ১০ বছর ধরে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য এই রায় একটি নৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মিয়ানমারের নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হলেই এই বিজয় পূর্ণতা পাবে।
বিজ্ঞাপন
২০১৭ সালে রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালে হেগে অবস্থিত আইসিজেতে
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের ১৫ জন জুরির মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে অবস্থান নেন। জাতিসংঘের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে, ২০১৭ সালে 'ক্লিয়ারেন্স অপারেশন' নামে পরিচিত অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
এই সামরিক অভিযানের সময় নারী ও শিশুসহ ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় এবং নারী ও কন্যাশিশুদের ওপর চালানো হয় ধর্ষণ। সেই সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পথে অনেককে গুলি করে হত্যা করা
হয়। এই ঘটনাকে একুশ শতকের অন্যতম নৃশংস গোষ্ঠী নিধনের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করল আইসিজে, যা রায়টির তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে।
আদালত মিয়ানমারকে শরণার্থীদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অপরাধীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশনা দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের দুর্ভোগের স্বীকৃতি ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক পদক্ষেপ। মিয়ানমারকে আগামী দুই বছরের মধ্যে রায় বাস্তবায়নের বিষয়ে আইসিজেতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আইসিজের এই রায়ের ফলে মিয়ানমারের ওপর বাড়তি
চাপ তৈরি হয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সামনে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ভূরাজনৈতিক বাস্তবতা এবং দশকের পর দশক ধরে মিয়ানমার সরকার ও নিরাপত্তা বাহিনীর জবাবদিহিহীন কর্মকাণ্ড রায় বাস্তবায়নের পথে বড় বাধা হতে পারে। বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কৌশলগত স্বার্থের কারণে মিয়ানমারের জান্তানিয়ন্ত্রিত সরকার এতদিন দায়মুক্তি পেয়ে এসেছে।
বিজ্ঞাপন
আইসিজের রায় মেনে চলার বাধ্যবাধকতা মিয়ানমারের রয়েছে এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো রায় বাস্তবায়নকারী ব্যবস্থা নেই। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়নে এখন জাতিসংঘসহ প্রভাবশালী দেশগুলোর ওপর নৈতিক দায় এসে
পড়েছে। রায় কার্যকরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ভেটো ক্ষমতার কারণে এই প্রচেষ্টায় বাধা আসতে পারে। প্রভাবশালী রাষ্ট্রগুলোর জন্য এই রায় ন্যায়, মানবাধিকার ও নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা।
বর্তমানে নতুন ও পুরোনো মিলিয়ে ১৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, যা বাংলাদেশের মতো দেশের পক্ষে দীর্ঘ সময় বহন করা সম্ভব নয়। আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সময়ক্ষেপণ না করে এখনই সমন্বিত কূটনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। ভূরাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় বিকল্প এবং বিভিন্ন দেশের মাধ্যমে চাপ অব্যাহত রাখার কৌশল নিতে হবে।






