বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬

বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬ |
টানা দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত ও নজিরবিহীন অস্থিরতার পর ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছে তেহরান। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই গণবিক্ষোভ দেশটির ইসলামী শাসনব্যবস্থার জন্য ১৯৭৯ সালের বিপ্লবের পর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবির পাশাপাশি ইরান সরকার ইঙ্গিত দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ চ্যানেলে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনে সংলাপে বসতেও রাজি। এর মধ্যে গতকাল সোমবার সরকারপন্থিদের এক র্যালিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের প্রতারণা বন্ধের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুব শিগগির ইরানে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে দেশটির

সরকার। তবে একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করা হলে মার্কিন ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় সরকারবিরোধী এক গণবিস্ফোরণে। দেশজুড়ে জ্বলতে থাকে বিক্ষোভের আগুন। রাজধানী তেহরান থেকে শুরু করে মাশহাদ, ইসফাহানসহ অন্তত ১০০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজপথগুলো বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয়। বিশেষ করে গত শনিবার রাতে বিক্ষোভের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে, যখন ইরানের রাজধানী তেহরানের সড়কগুলো আন্দোলনকারীদের দখলে চলে যায়। অনেক জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা

পদক্ষেপ নেয়। রোববার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরাও যোগ দেয়। এ ছাড়া ইরানের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে অভিহিত করে তাদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দেন। এরপর গতকাল সোমবার বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ঘোষণা আসে তেহরানের পক্ষ থেকে। গতকাল তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশের বর্তমান পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন, গত সপ্তাহান্তে সহিংসতার মাত্রা চরমে পৌঁছালেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৯০ বিক্ষোভকারী এবং ৪৮

জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষকে। আর নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইআরএনজিও জানায়, ১৮ বছরের নিচে ৯ শিশুসহ চলমান বিক্ষোভ ও সহিংসতায় ৬৪৮ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের খামেনির সতর্কবার্তা: আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদের প্রতারণা বন্ধ করতে হবে। বিক্ষোভ নিয়ন্ত্রণের দিনকে ‘ঐতিহাসিক’ মন্তব্য করে খামেনি বলেন, দৃঢ় সংকল্পে ভরা এই বিশাল সমাবেশগুলো বিদেশি শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে, যা দেশীয় ভাড়াটেদের দিয়ে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, ইরানিরা একটি শক্তিশালী জাতি, যারা তার শত্রুদের চেনে এবং যারা সব জায়গায় দৃশ্যমান। ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের পথও খোলা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল কূটনীতিকদের বলেন, ‘আমরা

যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রেখেছি।’ তিনি বলেন, ‘আমরা নেগোসিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত; কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে।’ তার এ বক্তব্য এমন একসময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভ দমনে দেশটির কঠোর অবস্থানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার নিশ্চিত করেন, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের মাধ্যমটি খোলা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বার্তা আদান-প্রদান করা হচ্ছে। এ ছাড়া প্রথাগত মধ্যস্থতাকারী সুইজারল্যান্ডের মাধ্যমেও দুই দেশ যোগাযোগ রাখছে। তবে আরাঘচি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি সামরিক

হস্তক্ষেপের একটি ‘অজুহাত’ খুঁজছেন। আর সেই সুযোগ করে দিতেই বিক্ষোভকে পরিকল্পিতভাবে ‘রক্তাক্ত ও সহিংস’ করা হয়েছে। তিনি ইরানের এ অস্থিরতাকে সাধারণ প্রতিবাদ হিসেবে মানতে নারাজ। তার ভাষায়, এটি কোনো সাধারণ বিক্ষোভ নয়, বরং ইরানের বিরুদ্ধে একটি ‘সন্ত্রাসী যুদ্ধ’। তিনি দাবি করেন, তথাকথিত সন্ত্রাসী উপাদানগুলো ৫৩টি মসজিদ এবং ১৮০টি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে এবং সরকারি ভবনে হামলা চালিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে, গত রোববার থেকে ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে, সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ফলে আন্দোলনের গতি শ্লথ হয়ে পড়েছে। ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি

পাল্টা সমাবেশ: ইরানের সরকার বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেওয়ার মধ্যেই দেশটির বিভিন্ন শহরে সরকারপন্থি পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। আলজাজিরার তেহরান প্রতিনিধি জানান, রাজধানীতে ডাকা সরকারপন্থি সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। এ ছাড়া সরকারপন্থি আরও সমাবেশ হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। এসব সমাবেশে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানায় ইরানি কর্তৃপক্ষ। শিগগির ইন্টারনেট পরিষেবা চালুর আশ্বাস: বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে ইরানজুড়ে ইন্টারনেট পরিষেবা প্রায় বিচ্ছিন্ন করে রাখা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ জানিয়েছে, ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ব্যবহারের ওপর কড়াকড়ির ফলে আন্দোলনের গতি কিছুটা শ্লথ হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আশ্বস্ত করেছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুতই ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়া হবে, বিশেষ করে দূতাবাস এবং সরকারি দপ্তরগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ চালু করা হবে। এদিকে, তেহরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এএফপির সাংবাদিক জানিয়েছেন, শহরটি বর্তমানে প্রায় অচল। নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, বিশেষ করে মাংসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বিকেল গড়ালেই নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। ট্রাম্পের অবস্থান ও সামরিক বিকল্প: এদিকে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। ট্রাম্প বলেন, ‘ইরান আলোচনা করতে চায় এবং একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। তবে বৈঠকের আগেই আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ট্রাম্প মঙ্গলবার তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ইরানের বিকল্প ব্যবস্থা নিয়ে বৈঠক করবেন। এ বিকল্পগুলোর মধ্যে রয়েছে সরাসরি সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো এবং সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে অনলাইন সহায়তা প্রদান। তবে বিশ্লেষকদের মতে, ইরানের এলিট ফোর্সের ঘাঁটিগুলো জনবহুল এলাকায় হওয়ায় সরাসরি সামরিক হামলা বড় ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার: ইরানে চলমান নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নতুন ভ্রমণ নির্দেশনায় এ জরুরি বার্তা দেওয়া হয়। বার্তায় সতর্ক করে বলা হয়, বর্তমানে বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ থাকলেও তা অত্যন্ত দ্রুত সীমিত হয়ে আসছে। যে কোনো মুহূর্তে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া কিংবা বাণিজ্যিক ফ্লাইট বাতিল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যার ফলে পরবর্তী সময়ে দেশ ত্যাগ করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়, যারা এই পরামর্শ উপেক্ষা করে ইরানে অবস্থান করবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ তাদের নিজেদেরই নিতে হবে। বর্তমান অস্থিতিশীলতায় দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে থাকার প্রস্তুতি রাখতে নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটি। বিশেষ করে পর্যাপ্ত পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের মজুত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়