পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬
     ৩:২২ অপরাহ্ণ

পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ | ৩:২২ 2 ভিউ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন-২০১৮ অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবির কাজ মূলত সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা এবং দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ দেওয়া। এর পাশাপাশি সংবাদপত্র, বার্তা সংস্থা, রেডিও, টেলিভিশন, তথ্যকেন্দ্র ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য উপদেশ ও পরামর্শক সেবা দেওয়াও পিআইবির দায়িত্বের মধ্যে পড়ে।বিনিয়োগ সুযোগ কিন্তু এই প্রতিষ্ঠানেই ভুয়া সেমিনার দেখিয়ে সাংবাদিকদের জাল স্বাক্ষর ব্যবহার করে প্রায় ২৪ লাখ টাকা খরচ দেখানোর অভিযোগ উঠেছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে গত বছর ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি পিআইবিতে চারটি অনুষ্ঠানের নামে বিপুল অঙ্কের ব্যয় দেখানো হয়। এসব অনুষ্ঠানের বিপরীতে পিআইবির তৈরি বিল-ভাউচার সংগ্রহ করে দৈনিক কালের কণ্ঠ। নথিগুলো ঘেঁটে দেখা যায়,

চারটি অনুষ্ঠানের ব্যয়বিবরণী দেওয়া হয়েছে এভাবে— প্রথমটি ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সংগীতসন্ধ্যা। নথিতে এটির তারিখ লেখা হয়েছে ১৮-১৯শে ফেব্রুয়ারি ২০২৫, স্থান পিআইবি অডিটরিয়াম। মোট ব্যয় দেখানো হয়েছে ৫ লাখ ৭৩ হাজার টাকা। দ্বিতীয় অনুষ্ঠান ‘জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র, আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী’। তারিখ ১৮-১৯শে ফেব্রুয়ারি ২০২৫। মোট ব্যয় দেখানো হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তৃতীয়টি ‘জুলাই গণ-অভ্যুত্থান : সংহতি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার। তারিখ ১৮ই ফেব্রুয়ারি ২০২৫। মোট ব্যয় দেখানো হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ২০০ জন অংশগ্রহণকারীর ভাতা এক হাজার টাকা করে মোট দুই লাখ টাকা। তালিকায় ভাতার সঙ্গে অংশগ্রহণকারীদের ‘ট্রেনিংসামগ্রী প্রাপ্তি’ নামের ঘরে ফোল্ডার, কলম ও

নোটবুক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের প্রাপ্তির ঘরে ১০ টাকার রাজস্ব স্ট্যাম্পও লাগানো হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে থেকে আসা ৫০ জন অংশগ্রহণকারীর যাতায়াত ভাতা ২ হাজার টাকা করে মোট এক লাখ টাকা দেখানো হয়েছে। পাঁচ আলোচকের সম্মানী ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা। ২৫০ প্যাকেট নাশতা ২০০ টাকা করে ৫০ হাজার টাকা এবং ২৫০ প্যাকেট লাঞ্চ ৫০০ টাকা করে এক লাখ ২৫ হাজার টাকা দেখানো হয়েছে। বাকি খরচ ডেকোরেশনসহ বিভিন্ন খাতে দেখানো হয়েছে। চতুর্থ অনুষ্ঠান ‘গণ-অভ্যুত্থানের দিশা ও দর্শন’ শীর্ষক সেমিনার। তারিখ ১৯শে ফেব্রুয়ারি ২০২৫। মোট ব্যয় দেখানো হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। এখানেও ২০০ জন

অংশগ্রহণকারীর ভাতা এক হাজার টাকা করে দুই লাখ টাকা দেখানো হয়েছে। তালিকায় অংশগ্রহণকারীদের জন্য একইভাবে ফোল্ডার, কলম ও নোটবুক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকের নামের পাশে ১০ টাকার রাজস্ব স্ট্যাম্প লাগানো হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে থেকে আসা ২৫ জন অংশগ্রহণকারীর যাতায়াত ভাতা দুই হাজার টাকা করে ৫০ হাজার টাকা, পাঁচজন আলোচকের সম্মানী ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা, ২৫০ প্যাকেট নাশতা ২০০ টাকা করে ৫০ হাজার টাকা এবং ২৫০ প্যাকেট লাঞ্চ ৫০০ টাকা করে এক লাখ ২৫ হাজার টাকা দেখানো হয়েছে। বাকি খরচ ডেকোরেশনসহ অন্যান্য খাতে দেখানো হয়েছে। এই চারটি অনুষ্ঠান বাবদ মোট প্রায় ২৪ লাখ টাকা খরচ

দেখানো হয়েছে। পিআইবির নথি অনুযায়ী, চারটি অনুষ্ঠানেরই আলাদা করে খরচের খাত দেখানো হয়েছে। অনুষ্ঠানের প্রায় ১৫ দিন আগে প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ অফিসার ও সমন্বয়কারী গোলাম মুর্শেদ নিজে স্বাক্ষর করে খরচের হিসাব মহাপরিচালকের কাছে দাখিল করেন। পরে মহাপরিচালক ফারুক ওয়াসিফ ওই দিনই হিসাবের নথিতে স্বাক্ষর করেন। এরপর প্রতিটি খাতের খরচের বিপরীতে ভাউচার দাখিল করা হয়, যার প্রতিটি পাতায় গোলাম মুর্শেদের স্বাক্ষর রয়েছে। তবে নথি ঘাঁটতে গিয়ে একটি নাম দেখে সন্দেহ তৈরি হয়। ১৯শে ফেব্রুয়ারির সেমিনারে উপস্থিত থেকে এক হাজার টাকা ভাতা নিয়েছেন বলে তালিকায় রয়েছে ‘এস এম আজাদ, কালের কণ্ঠ, ঢাকা’। অথচ কালের কণ্ঠের সাবেক সিনিয়র রিপোর্টার এস এম আজাদ ২০২২ সালে চাকরি ছেড়ে

পর্তুগালে চলে যান এবং সেখানেই ছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি গত বছর পিআইবির কোনো সেমিনারে যাননি, ভাতা নেওয়ার প্রশ্নই ওঠে না। সম্প্রতি দেশে ফিরে কালের কণ্ঠ অফিসে এসে তালিকায় থাকা স্বাক্ষর দেখে তিনি নিশ্চিত হন, সেটি তার নয়। এরপর অনুসন্ধানে দেখা যায়, দুটি সেমিনারে ২০০ জন করে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে চার লাখ টাকা ভাতা দেওয়া হয়েছে বলে পিআইবি বিল করেছে। তালিকায় থাকা সাংবাদিকদের মধ্যে অন্তত ৭০ জনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রত্যেকেই বলেন, এ ধরনের কোনো সেমিনারের কথা তারা জানেন না। তালিকায় থাকা স্বাক্ষরের ছবিও তারা নিজেদের বলে স্বীকার করেননি। ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার জসিম উদ্দিন মাহির বলেন,

তিনি এমন কোনো সেমিনারে অংশ নেননি এবং স্বাক্ষরও তাঁর নয়। ডেইলি স্টারের সাংবাদিক জামিল খান বলেন, তার নাম ব্যবহার করে কে বা কারা এই কাজ করেছে তিনি জানেন না। দৈনিক জনকণ্ঠের সাংবাদিক ফজলুর রহমান বলেন, এভাবে তার নাম ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। খুলনার সাংবাদিক শামসুজ্জামান শাহীন নিজের স্বাক্ষরের নমুনা পাঠিয়ে জানান, তালিকায় থাকা স্বাক্ষর ভুয়া এবং খুলনার যেসব সাংবাদিকের নাম রয়েছে তাদের কেউ ওই সেমিনারে যাননি। সেমিনারের আলোচকদের তালিকাতেও গরমিল পাওয়া যায়। ‘শহীদুল্লাহ লিপন’ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহর ডাকনাম লিপন। তিনি বলেন, গত তিন-চার বছরে তিনি পিআইবিতে কোনো সেমিনারে যাননি। নথিতে থাকা স্বাক্ষরও তার নয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘খান মোহাম্মদ বাহাদুর’ নামে কোনো শিক্ষকও পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, তিনি কখনো পিআইবির কোনো অনুষ্ঠানে অংশ নেননি এবং এমন কোনো সেমিনারের কথাও জানেন না। ভাউচার যাচাই করেও অসংগতি পাওয়া যায়। আলোকচিত্র ও গ্রাফিতি বাঁধাইয়ের জন্য আল-আমীন আর্ট গ্যালারির নামে দুটি বিল দেখানো হয়েছে, প্রতিটিতে ২০ হাজার টাকা করে। কিন্তু দুটি বিলেই একই মেমো নম্বর—২৮১। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, গত কয়েক বছরে এমন কোনো বড় কাজের কথা তাদের মনে নেই এবং বিলের হাতের লেখাও তাদের নয়। সোহেল ফ্রেম গ্যালারির নামে ২০ হাজার টাকার আরেকটি বিল দেখানো হয়েছে। প্রতিষ্ঠানের মালিক মো. সোহেল রানা বলেন, বিলের লেখার সঙ্গে তাদের কারো লেখার মিল নেই। ডেকোরেশনের জন্য ‘দ্য নিউ নূর অ্যান্ড কোং ডেকোরেটরস’ নামে তিনটি ভাউচারে ৬০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা দেখানো হয়েছে। দোকানের ম্যানেজার জানান, প্যাড তাদের হতে পারে, কিন্তু লেখা বা স্বাক্ষর তাদের নয়। খাবারের বিলেও অসংগতি পাওয়া গেছে। বিসমিল্লাহ রেস্তোরাঁর নামে দুটি বিলে ২৫০টি করে লাঞ্চ প্যাকেটের দাম ৫০০ টাকা করে দেখিয়ে মোট আড়াই লাখ টাকা দেখানো হয়েছে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারীরা জানান, তাদের প্যাকেট খাবারের দাম সাধারণত ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। ৫০০ টাকার প্যাকেট তাদের এখানে নেই। এ ছাড়া তাদের আসল ভাউচার লাল রঙের হলেও পিআইবির জমা দেওয়া ভাউচার সাদাকালো। নাশতার বিল দেখানো হয়েছে হক ব্রেড অ্যান্ড কনফেকশনারির নামে। প্রতিষ্ঠানটির ম্যানেজার জানান, বিলের হাতের লেখা তাদের নয় এবং এমন বড় অর্ডারের কথা তাদের মনে নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—পিআইবির ফেসবুক পেজে ওই সময়ের অনেক কর্মসূচির ছবি ও ভিডিও থাকলেও ৪০০ অংশগ্রহণকারী নিয়ে করা এই দুটি সেমিনারের কোনো ছবি বা ভিডিও নেই। ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পিআইবির অবকাঠামো পর্যালোচনা করেও প্রশ্ন ওঠে। ১ নম্বর ভবনে ২৩৮ আসনের একটি অডিটরিয়াম ও ৬০ আসনের একটি সেমিনার কক্ষ রয়েছে। ২ নম্বর ভবনে আছে ৬০ আসনের একটি সেমিনার কক্ষ এবং ৩০ আসনের দুটি শ্রেণিকক্ষ। ফলে একসঙ্গে ২০০ জন নিয়ে সেমিনার আয়োজনের মতো জায়গা সেখানে নেই। পিআইবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারুণ্যের উৎসব চলাকালে ওই দুই দিনে অন্য কোনো সেমিনার হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রথমে পিআইবির কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেন। তবে অনুসন্ধানী টিমের সামনে নথি-প্রমাণ তুলে ধরার পর এক পর্যায়ে গোলাম মুর্শেদ স্বীকার করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের নির্দেশেই তিনি এসব করেছেন। অভিযোগ বিষয়ে ফারুক ওয়াসিফ বলেন, পিআইবির একটি দুষ্টচক্র ভুয়া বিল তৈরি করেছিল, তবে তিনি সেটি অনুমোদন দেননি এবং এই খাতে কোনো টাকা খরচ হয়নি। তিনি বলেন, প্রতিদিন অনেক ফাইলে স্বাক্ষর করতে হয়, তাই একটি ফাইলে স্বাক্ষর করে পরে ভুয়া বিলের বিষয়টি সামনে এলে তিনি সেটি বাতিল করেন। তবে অনুসন্ধানে দেখা যায়, পিআইবির ‘সম্পাদক নিরীক্ষা’ নামে সোনালী ব্যাংকের ভিকারুননিসা নূন স্কুল শাখার একটি অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ২৯শে জুন দুটি এবং ৩০শে জুন দুটি চেকের মাধ্যমে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে। চারটি চেকের অঙ্ক ছিল যথাক্রমে ৬ লাখ ৯১ হাজার ৫০০ টাকা, ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, ৬ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা এবং ৫ লাখ ৭৩ হাজার টাকা—যা চারটি অনুষ্ঠানের বিলের অঙ্কের সঙ্গে হুবহু মিলে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা