ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
রাজস্ব সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফ্রান্স পুড়ছে। দেশটি সামর্থ্যের চেয়ে এত বেশি খরচ বা ঋণ নিয়েছে যে, সেটি ফেরত দেওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঋণ পরিশোধের সময়ও ঘনিয়ে আসছে। এর মধ্যেই বেড়েছে জ্বালানির দাম ও বন্ডের সুদের হার। এ অবস্থায় কর বাড়ানো ও ব্যয় কমানোর পথটি সম্ভাব্য সমাধান। কিন্তু সমস্যা হলো, এ দুটি পদক্ষেপই রাজনৈতিকভাবে বেশ অজনপ্রিয়। এতে জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধির ঝুঁকি থাকে। আবার সরকারে বিভক্তি থাকলে যেকোনো সমাধান বাস্তবায়ন করাও কঠিন। দেশটিতে বর্তমানে মধ্যমপন্থি ও ডানপন্থিদের জোট ক্ষমতায় আছে। ফ্রান্সের মতো আরও অনেক দেশ এমন সংকটে পড়ছে। বিশেষ করে যুক্তরাজ্য। দ্রুত ঋণ বৃদ্ধি, সেই ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়া এবং পরিস্থিতি

মোকাবিলায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো এখন পশ্চিমা অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রও এর বাইরে নয়। তবে দুই দেশের অর্থনীতিতে পার্থক্য আছে। ফরাসিদের বিশাল সামাজিক নিরাপত্তাব্যবস্থাই মূলত সরকারি ব্যয়ের বড় অংশ গ্রাস করে। অপরদিকে অর্থনীতির স্বতন্ত্র গতিপ্রকৃতির কারণে যুক্তরাষ্ট্রের পরবর্তী ফ্রান্স হয়ে ওঠার ঝুঁকি আপাতত নেই। কিন্তু সমস্যা আছে ইউরোপের সামাজিক নিরাপত্তাব্যবস্থা কয়েক দশক ধরে ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে। যা নিয়ে অর্থনীতি ও রাজনীতিবিদরা বহু বছর ধরেই সতর্ক করে আসছেন। কারণটা খুবই সরল- ব্যয় করলে তা পরিশোধের বোঝা এক সময় সামনে আসবেই। বর্তমানে ইরান যুদ্ধ পশ্চিমাদের রাজস্ব সংকট আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত সপ্তাহে জানায়, ফেব্রুয়ারি থেকে জি৭ ভুক্ত দেশগুলোর ১০ বছর মেয়াদি

সরকারি বন্ডের গড় রিটার্ন ১ শতাংশ পয়েন্টের বেশি বেড়েছে। এটি গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি দশকের শেষ নাগাদ এই জোটভুক্ত সাতটি দেশের সম্মিলিত সরকারি ঋণের পরিমাণ তাদের মোট অর্থনৈতিক উৎপাদনকে ছাড়িয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন ঘটনা ঘটবে। জি৭ ভুক্ত দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা। বর্তমানে ফ্রান্সের সরকারি ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১৯ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্ধারিত লক্ষ্যমাত্রার দ্বিগুণ। দেশটির বার্ষিক বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ। ইংল্যান্ডের কেন্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক নীতিবিষয়ক অধ্যাপক পিটার টেলর-গুবি বলছেন, ইউরোপে বন্ডবাজার ও সরকারের ঋণের সুদের হার নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি আর

উপেক্ষা করার সুযোগ নেই। কাগজে-কলমে যুক্তরাষ্ট্রের পরিস্থিতিও খুব বেশি সুবিধার নয়। দেশটির সরকারি ঋণের পরিমাণ ৩২ ট্রিলিয়ন ডলার। এটি বার্ষিক জিডিপির প্রায় সমান। সদ্য সমাপ্ত অর্থবছরে বাজেট ঘাটতি ছিল ২ ট্রিলিয়ন ডলার, যা জিডিপির ৬ শতাংশের বেশি। সরকারি ঋণের সুদ পরিশোধে বার্ষিক ব্যয় সম্প্রতি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের কর থেকে পাওয়া প্রতি সাত ডলারের এক ডলারই ব্যয় হয় ঋণের সুদ পরিশোধে। তবে ইউরোপে সরকারি ব্যয় কমানো ও কর বাড়ানোকে যতটা গুরুত্ব দেওয়া হয়, যুক্তরাষ্ট্রে তেমনটা নেই। এক্ষেত্রে প্রশ্ন ওঠে- যুক্তরাষ্ট্র কেন ফ্রান্সের মতো একই সমস্যার মুখে পড়ছে না? যুক্তরাষ্ট্রে এখনই কেন এমনটা ঘটবে না? দেশটির সবচেয়ে বড় সুবিধা হলো- ডলার ছাপানো। অন্য

দেশগুলো মূলত এই মুদ্রায় তাদের রিজার্ভ মজুত করে। তেল ও স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ পণ্যসহ বিশ্বের অধিকাংশ লেনদেন ডলারে সম্পন্ন হয়। ডলারের চাহিদা এখনো শক্তিশালী। কারণ, অন্যরা এটিকে নিরাপদ বলে মনে করে। একই কারণে মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদাও বাড়ে। বিশ্বজুড়ে সরকারি বন্ড বিক্রির চাপের মধ্যেও মার্কিন বন্ডের সুদের হার পশ্চিমা অন্য অর্থনীতির তুলনায় এখনো কম। যুক্তরাষ্ট্রের অর্থনীতি আকারে বেশ বড় ও বৈচিত্র্যময়। ফলে ছোট অর্থনীতির দেশের তুলনায় তারা বিভিন্ন ধাক্কা সামলাতে বেশি সক্ষম। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ব্যাপক প্রবৃদ্ধি মার্কিন অর্থনীতিকে চাঙা করছে। বাজেট ঘাটতির গুরুত্ব কমানোর অন্যতম উপায় হলো অর্থনীতির প্রবৃদ্ধি শক্তিশালী রাখা। এতে অর্থনীতির আকারের তুলনায় ঋণের পরিমাণ অনেক

কম বলে মনে হয়। মুডিস অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের পরিস্থিতি প্রায় একই রকম। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতে এআইয়ের অবদান; ঋণ সামলানো ও পরিস্থিতি সহজে মোকাবিলার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রে আপাতত ঋণসংকটের আশঙ্কা নেই। কিন্তু এটি ভেবে স্বস্তি বোধ না করার পরামর্শ দিয়েছেন মার্ক জান্ডি। তিনি বলেন, এখানে অন্যদের তুলনায় যুক্তরাষ্ট্র শুধু ভিন্ন এক অবস্থানে আছে। আগামী মাসে মধ্যবর্তী নির্বাচন। এরপর কংগ্রেস নতুন সদস্য পাবে। যদি ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ পায়, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। ঋণসীমা বাড়ানোর বিষয়টি তখন হয়তো রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা! লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা মিডিয়ায় তেলেসমাতিঃ “লেজ কুকুরকে নাচাচ্ছে, নাকি কুকুর লেজকে নাচাচ্ছে?” ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার