আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
বাজারে আবারো সরবরাহ সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর বিভিন্ন বাজারে এক ও দুই লিটারের বোতল খুঁজে পেতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৬ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এ তেল। এদিকে সরবরাহ সংকটের মধ্যে গত এক সপ্তাহে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। পাশাপাশি ডজনপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। অন্যদিকে ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দামও রয়েছে উচ্চপর্যায়ে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল কাঁচাবাজার, নিউ মার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা

বলে এসব তথ্য জানা গেছে। বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো চাহিদার তুলনায় কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে ডিলারদের কাছ থেকে খুচরা বিক্রেতারাও প্রয়োজনীয় পরিমাণে তেল পাচ্ছেন না। ডিলারদের বরাতে বিক্রেতারা জানিয়েছেন, দাম বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে কোম্পানিগুলোর বক্তব্য পাওয়া যায়নি। বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে চাহিদা অনুযায়ী এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুর টাউন হল বাজারে অন্তত ছয়টি দোকানে চার-পাঁচটি করে তেলের বোতল দেখা গেছে। কোনো দোকানে এক লিটারের বোতল নেই, আবার কোনো দোকানে পাওয়া যাচ্ছে না দুই লিটারের বোতল। কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি

দামেও বিক্রি হচ্ছে তেল। সরবরাহে ঘাটতি থাকলেও দোকানে আসা সব বোতলজাত তেল বিক্রির জন্য প্রদর্শন করছেন না কোনো কোনো বিক্রেতা। নিয়মিত ক্রেতাদের চাহিদা মেটাতে একাংশ আলাদা করে রাখছেন বলে জানিয়েছেন তারা। কারওয়ান বাজার কিচেন মার্কেটের মুদি বিক্রেতা জাভেদ ইসলাম বলেন, ‘আমার দৈনিক প্রায় ১০ কার্টন সয়াবিন তেল লাগে। ডিলারের কাছ থেকে পেয়েছি চার কার্টন। নিয়মিত গ্রাহকেরা চাইলে তো দিতেই হয়। তাই কিছু বোতল সরিয়ে আলাদা সংরক্ষণ করি।’ বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে খোলা তেলের বাজারেও। সাধারণত বোতলজাত তেলের প্রাপ্যতা কমে গেলে বিকল্প হিসেবে খোলা তেলের চাহিদা বাড়ে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে খোলা সয়াবিন

তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৯০-১৯৫ টাকায় উঠেছে। একই সময়ে খোলা পাম তেলের দাম শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৭০-১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে টিসিবির এ মূল্যতথ্যের সঙ্গে বাজারের কিছু বিক্রেতার কাছ থেকে পাওয়া মূল্যবৃদ্ধির হিসাবের পার্থক্য রয়েছে। দাম বাড়ানোর উদ্যোগ কোম্পানিগুলোর চলতি বছর কয়েক দফায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে সংকট দেখা দিয়েছে। বছরের শুরুতে ফেব্রুয়ারির দিকে প্রথম সংকটের পর এপ্রিলের শেষ দিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর জুলাইয়ে আবার সরবরাহে ঘাটতির অভিযোগ ওঠে। পরে ৩ সেপ্টেম্বর লিটারপ্রতি পাঁচ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়।

এর পরও বাজারে সরবরাহ পরিস্থিতির স্থিতিশীলতা আসেনি বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এদিকে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো। এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ফ্যাট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে রাজি নয় সরকার। গত বুধবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। পর্যালোচনা শেষ হওয়ার আগে দাম বাড়ানো হবে না। বাজারসংশ্লিষ্টদের মতে, একদিকে সরবরাহে ঘাটতি, অন্যদিকে দাম বাড়ানোর উদ্যোগ—দুইয়ের প্রভাব পড়ছে ভোজ্যতেলের বাজারে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও উঠছে।

ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোক্তাদের বাড়তি ব্যয়ের চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ডিম, মুরগি ও মাছের দামও চড়া ভোজ্যতেলের পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষের উৎস ডিম, মুরগি ও মাছ। গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ১৫৫-১৬০ টাকা। পাড়া-মহল্লার মুদি দোকানে এক হালি ডিম বিক্রি হচ্ছে প্রায় ৫৫ টাকায়। নিম্ন আয়ের পরিবারগুলোর অনেকেই একসঙ্গে এক ডজন ডিম কেনার সামর্থ্য রাখেন না। তারা সাধারণত এক-দুটি করে ডিম কেনেন। সে ক্ষেত্রে প্রতিটি ডিমের জন্য গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা। অন্যদিকে প্রায় দুই মাস ধরে রাজধানীর বাজারে ব্রয়লার

মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকার আশপাশে রয়েছে। বিভিন্ন ধরনের মাছও বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। গতকাল বাজারে দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ কেজিপ্রতি ৩৮০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা এবং পাঙাশ ২৫০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এ উচ্চমূল্যের মধ্যে ভোজ্যতেলের নতুন করে সরবরাহ সংকট এবং ডিমের দাম বৃদ্ধি সাধারণ ভোক্তাদের ব্যয় আরো বাড়াচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর খাদ্যব্যয়ের ওপর এর প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি