মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ April, ২০২৬

মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ April, ২০২৬ |
বাংলাদেশে হামের সংক্রমণ চলতি মৌসুমে অস্বাভাবিকভাবে বেড়ে মহামারি পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মার্চ থেকে শুরু হওয়া এই উর্ধ্বমুখী প্রবণতা এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে। ৬৪ জেলার মধ্যে ৫৬টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়ার তথ্য মিলেছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থার বড় ধরনের চাপ ও ব্যবস্থাপনাগত দুর্বলতাকেই সামনে আনছে। সংক্রমণ ও মৃত্যুর সর্বশেষ চিত্র স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৭১ জন। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক মোট রোগী দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী ৮২ জন এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত

মোট নিশ্চিত রোগী ২ হাজার ৭২১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে আরও দুই জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনকভাবে মোট মৃত্যু ১৫৬ জনে পৌঁছেছে। অর্থাৎ, ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সময়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার এবং মৃত্যু ১৮৬ জন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয় ও রিপোর্টিংয়ের ঘাটতি রয়েছে। পরিস্থিতির মাত্রা: নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার সংক্রমণ অব্যাহত থাকলে পরিস্থিতি

মানবিক বিপর্যয়ের দিকে যেতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেশি। বিশেষজ্ঞদের মতে, টিকাদান কার্যক্রমে বড় ধরনের ব্যত্যয়ই এই সংকটের মূল কারণ। বিগত বছরের তুলনা ও সংক্রমণ বৃদ্ধি এশিয়া অঞ্চলের লক্ষ্য অনুযায়ী ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে হাম ও রুবেলা নির্মূলের কথা ছিল। কিন্তু সাম্প্রতিক চিত্র সেই লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করছে। ২০২২ সালে প্রতি ১০ লাখ জনসংখ্যায় হামের সংক্রমণের হার ছিল ১ দশমিক ৪১, ২০২৩ সালে ১ দশমিক ৬০, ২০২৪ সালে ১ দশমিক ৪৩ এবং ২০২৫ সালে শূন্য দশমিক ৭২। তবে চলতি বছরে এই হার হঠাৎ বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক ও উদ্বেগজনক। টিকাদান কর্মসূচির পতন স্বাস্থ্য অধিদপ্তরের

তথ্য বলছে, ২০১৭ সালে এমআর-১ টিকার কভারেজ ছিল ৮৭ দশমিক ৪ শতাংশ এবং এমআর-২ ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ। ২০১৮ সালে তা ছিল ৮৬ দশমিক ৪ ও ৮৪ দশমিক ৪ শতাংশ। ২০১৯ সালে ৮৮ দশমিক ১ ও ৮৬ দশমিক ১ শতাংশ, ২০২০ সালে ৮১ দশমিক ৭ ও ৮০ দশমিক ৫ শতাংশ। ২০২১ সালে এটি বেড়ে ৯৭ দশমিক ৩ ও ৯৪ দশমিক ৮ শতাংশে পৌঁছায়। ২০২২ সালে এমআর-১ শতভাগ এবং এমআর-২ ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। তবে ২০২৩ ও ২০২৪ সালে কভারেজ ৮৫ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকলেও ২০২৫ সালে তা নাটকীয়ভাবে কমে যায়। ২০২৫ সালে এমআর-১ টিকার কভারেজ নেমে আসে ৫৬ দশমিক

৫ শতাংশে এবং এমআর-২ দাঁড়ায় ৫৭ দশমিক ১ শতাংশে। ফলে প্রায় ৪৩ দশমিক ৮ শতাংশ শিশু টিকার বাইরে থেকে যায়, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। সংক্রমণ বৃদ্ধির কারণ বিশেষজ্ঞদের মতে, টিকাদানের এই বড় ধরনের ঘাটতিই হামের বিস্তারকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। হার্ড ইমিউনিটি ভেঙে পড়ায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়া এক বছরের বেশি সময় ধরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যত ব্যাহত রয়েছে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছে। অপুষ্টিও আরেকটি বড় কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টির হার বেশি বলে জানা গেছে, যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, করোনার সময় মাঠপর্যায়ে

টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। অনেক শিশু সময়মতো টিকা পায়নি। পরবর্তীতে গণটিকাদান কার্যক্রমও বন্ধ থাকায় টিকাবঞ্চিত শিশুর সংখ্যা বাড়তে থাকে, যা চলতি বছরে হামের বিস্ফোরণ ঘটিয়েছে। শিশুরা টিকা না পাওয়ায় এটি মহামারি আকার ধারণ করেছে। যেকোনো সংক্রমণ যখন অতিরিক্ত হয়ে যায়, ভাইরাস মারাত্মক শক্তি ধারণ করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. আবু জামিল ফয়সাল বলেন, প্রাথমিক পর্যায়েই আউটব্রেক ইনভেস্টিগেশন করা হলে প্রকৃত কারণ নির্ধারণ করা যেত। টিকা সংগ্রহ, সরবরাহ ও জনবল সংকটসহ একাধিক কারণ একত্রে কাজ করেছে বলে তিনি মনে করেন। মহামারি কি না—নিয়ে মতভেদ বিশেষজ্ঞদের মতে, কোনো রোগ স্বাভাবিক সীমা ছাড়িয়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সেটিকে মহামারি হিসেবে বিবেচনা

করা হয়। ডা. আবু জামিল ফয়সাল বলছেন, মানুষ ভয় পাবে বলে এখন মহামারি শব্দটা ব্যাবহার করা হচ্ছে না। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, গত ১৫-২০ বছরে বাংলাদেশে এত সংখ্যক মানুষ হামে আক্রান্ত হয়নি এবং মৃত্যুও এত হয়নি। চলতি বছর হামের প্রকোপ অনেক বেড়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী এটি মহামারি হিসেবে বিবেচনা করা যায়। দেশে হামের মহামারি শুরু হয়ে গেছে। প্রতিরোধে জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জাতীয় পর্যায়ে জরুরি টিকাদান কার্যক্রম চালু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ডা. আবু জামিল ফয়সাল বলেন, হাম হলে বাচ্চারা খুব দুর্বল হয়ে যায়। তাদের মধ্য থেকেই অনেকের মৃত্যু হয়। ফলে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও শিশুকে একটা নিয়মিত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে হবে। করোনাভাইরাসের সময় আমরা যেখানে একটা টাইমলাইন মেনে চলতাম, ঠিক সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো শিশুর মৃত্যু যেন না হয় তা নিশ্চিত করা। এজন্য চিকিৎসার মান উন্নয়ন জরুরি। অর্থাৎ হামের চিকিৎসায় জোর দিতে হবে। আমাদের চিকিৎসায় ঘাটতি রয়েছে। এখন যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাতে আগামী চার থেকে আট সপ্তাহ এই পরিস্থিতি চলমান থাকা অস্বাভাবিক নয়। চিকিৎসা যদি উন্নত না হয়, তাহলে প্রতিদিন এভাবে আমাদের শিশুদের মৃত্যু মেনে নিতে হবে। তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য জাতীয় গাইডলাইন জরুরি। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণ নিশ্চিত করতে হবে। টিকাদান কার্যক্রম থাকলেও তা যথেষ্ট নয়—জরুরি পরিস্থিতিতে আরও সমন্বিত ও দ্রুত পদক্ষেপ দরকার। নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে পরিস্থিতি জনসমক্ষে আনার ওপরও তিনি জোর দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান