লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ April, ২০২৬

লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ April, ২০২৬ |
ব্যাংক খাতে আমানত রাখার কাঠামোতে পরিবর্তন আসছে। আগে কোটিপতি বা উচ্চবিত্তদের সঞ্চয় বেশি হারে বাড়ত। লাখপতি বা মধ্যবিত্তের সঞ্চয় বাড়ত তুলনামূলক কম। গত এক বছরে এ ধারায় পরিবর্তন এসেছে। এখন কোটিপতিদের সংখ্যা বেড়েছে, তবে তাদের সঞ্চয় কমেছে। এর মধ্যে বড় অঙ্কের কোটিপতির সংখ্যা কমেছে। লাখপতির সংখ্যা বাড়ার পাশাপাশি তাদের সঞ্চয়ও বেড়েছে। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কোটিপতিদের আমানত বেশি কমেছে। এর মধ্যে ৫০ কোটি টাকার ওপরে আমানত রয়েছে এমন কোটিপতিদের আমানত যেমন কমেছে, তেমনই কমেছে তাদের সংখ্যাও। একই সঙ্গে ২৫ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি

টাকার আমানতকারীর সংখ্যা কমার পাশাপাশি তাদের আমানত কমেছে। তবে ৫০ কোটি টাকার আমানতকারীদের চেয়ে তাদের আমানত কম কমেছে। কোটিপতিদের আমানত কমার কারণ হিসাবে তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক কারণে ধনাঢ্য ব্যক্তিদের একটি অংশ দেশত্যাগ করেছেন। তারা নানাভাবে আমানত তুলে নিয়েছেন। যে কারণে রাজনৈতিক পট পরিবর্তনের সময় আমানত তোলার ওপর সিলিং বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ে বড় আমানতকারীরা টাকা তুলে নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকে মাঝারি মানের আমানতকারীদের সংখ্যা যেমন বেশি, তেমনই তাদের আমানতও বেশি। এটি ব্যাংক খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। কারণ, এতে ব্যাংকে আমানতের ঝুঁকি কমছে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বর

পর্যন্ত একেবারে ছোট থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনই তাদের আমানতের পরিমাণও বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকে একেবারে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ। তাদের জমা আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ১০০ কোটি টাকা। গত ডিসেম্বরে এ খাতের আমানতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৮ লাখে। আমানত বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭০০ কোটি টাকা। আলোচ্য সময়ে এ খাতে আমানতকারীর হিসাব বেড়েছে ১ কোটি ৮৮টি। একই সময়ে আমানত বেড়েছে ১৮ হাজার ৬০০ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকে ২ লাখের বেশি থেকে ২৫ লাখ টাকা

পর্যন্ত আমানতকারীদের হিসাব ছিল ৯৩ লাখ ৫২ হাজার। এসব হিসাবে জমা ছিল ৫ লাখ ২৫ হাজার ২০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ ধরনের আমানতকারীদের হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখ ৪৬ হাজার। এসব হিসাবে জমা রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতের আমানতকারীর হিসাব বেড়েছে ১৭ লাখ ৯৪ হাজারটি এবং জমা অর্থ বেড়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট আমানতের ৫৫ শতাংশ। অর্থাৎ এই শ্রেণির আমানতকারীদেরই ব্যাংক হিসাব মোট আমানতের অর্ধেকের বেশি রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ২৫ লাখের বেশি থেকে ৫০ লাখ টাকা আমানতকারীর হিসাব সংখ্যা ছিল ৩ লাখ

৮১ হাজার। তাদের জমা আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৭ হাজার ৬০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীর হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার। তাদের আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩০০ কোটি টাকায়। আলোচ্য সময়ে আমানতকারীর হিসাব বেড়েছে ৫৪ হাজার। জমা অর্থের পরিমাণ বেড়েছে ১৯ হাজার ৭০০ কোটি টাকা। ৫০ লাখের বেশি থেকে ১ কোটি টাকা পর্যন্ত জমা আমানতকারীর সংখ্যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১ লাখ ৬২ হাজার। ওই সময়ে তাদের জমা অর্থের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৪০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীর হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার।

তাদের জমা অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩০০ কোটি টাকা। আলোচ্য সময়ে আমানতকারী বেড়েছে ২০ হাজার এবং জমা অর্থের পরিমাণ বেড়েছে ১৩ হাজার ৯০০ কোটি টাকা। ১ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর হিসাব ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ৩৫ হাজার ৩৯৪টি। এসব হিসাবে জমা অর্থ ছিল ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীর হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩১৬টিতে। এসব হিসাবে জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার ১০০ কোটি টাকায়। আলোচ্য সময়ে আমানতকারীর হিসাব বেড়েছে ২ হাজার ৯৬৭টি এবং এর বিপরীতে জমা অর্থের পরিমাণ কমেছে ৪০০ কোটি টাকা। ২৫ কোটি টাকার

বেশি থেকে ৫০ কোটি টাকার হিসাবধারী আমানতকারী ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৪১ জন। এসব হিসাবে জমা ছিল ৪ হাজার ৯০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীদের হিসাব কমে দাঁড়িয়েছে ১০৭টিতে। জমা অর্থের পরিমাণও কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকায়। আলোচ্য সময়ে আমানতকারী কমেছে ৩৪ জন এবং জমা অর্থের পরিমাণ কমেছে ১ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর হিসাব সংখ্যা ছিল ৪৪টি। এতে জমা অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ৪০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের হিসাব সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩টিতে। এসব হিসাবে জমা অর্থ কমে হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। আলোচ্য সময়ে আমানতকারী কমেছে ৩১ জন এবং জমা অর্থের পরিমাণ কমেছে ৪ হাজার ২০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ খাতে আমানতকারী ও জমা অর্থ অস্বাভাবিক হারে কমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা