আরও খবর
রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে
১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক
১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক
চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত
লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে
জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা
দেখতে অনেকটা শিঙাড়ার মতো আকৃতির এই ফলটির নাম পানিফল, যা স্থানীয়ভাবে ‘পানির শিঙাড়া’ নামে পরিচিত। শক্ত খোসা ছাড়িয়ে ভেতরে পাওয়া যায় মিষ্টি স্বাদের সাদা শাঁস। সাতক্ষীরার বিভিন্ন হাটবাজারে এখন এই ফলের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে, যেখানে ক্রেতারা কেজি দরে কিনছেন কিংবা রাস্তার পাশে দাঁড়িয়েই খোসা ছাড়িয়ে খাচ্ছেন। একসময় যেসব জলাবদ্ধ জমিতে ফসল ফলানো কঠিন ছিল, এখন সেখানেই পানিফল চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে গ্রামের নারীদের।
বিজ্ঞাপন
১২ নভেম্বর সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় জলাভূমি, পুকুর ও ডোবাগুলোতে পানিফলের চাষ দেখা যায়।
দূর থেকে মনে হয় পানির ওপর যেন কচুরিপানা বিছিয়ে আছে। স্থানীয়রা জানান, ত্রিভুজাকৃতির ফলের কারণে একে পানির শিঙাড়া বলা হয়। কৃষকেরা বালতি ও গামলা নিয়ে পাতার ফাঁক থেকে ফল তুলছেন এবং তীরে এনে তা পরিষ্কার ও বাছাই করছেন। এক ক্রেতা বলেন, ‘ছোটবেলা থেকেই পানির শিঙাড়া খাই। হালকা শীত শীত ভাব শুরু হলেই বাজারে খুঁজি।’
দেবহাটার পাশাপাশি কলারোয়া ও সদর উপজেলাতেও পানিফল চাষ বাড়ছে। গত বুধবার কলারোয়ার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশের জলাবদ্ধ জমিতে নিজের খেতের ফল বিক্রি করছিলেন নাজিরা খাতুন (৪১)। তিনি জানান, বর্তমানে ২৫ টাকা কেজি দরে ফল বিক্রি করছেন, যদিও মৌসুমের শুরুতে এর দাম ছিল ৬০ টাকা কেজি। ফলন
ভালো হওয়ায় আরও দেড় মাস তিনি বিক্রি চালিয়ে যেতে পারবেন বলে আশা করছেন।
গোপীনাথপুরের কৃষক আমজাদ হোসেন দেড় বিঘা জমিতে পানিফল চাষ করেছেন। জমি তৈরি, চারা কেনা, সার ও ওষুধ মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। প্রতিদিন এক মণের বেশি ফল তুলছেন জানিয়ে তিনি বলেন, ‘পাইকাররা খেত থেকেই ২০ টাকা কেজিতে ফল কিনে নিয়ে যায়। পুরো মৌসুমে প্রায় ৭০ হাজার টাকার ফল বিক্রি হবে বলে আশা করছি।’ একই এলাকার মুকুল সরদার ১০ বিঘা জমিতে চাষ করেছেন। জলাবদ্ধতার কারণে অন্য ফসল না হওয়ায় তিনি প্রতি বিঘায় ১২ হাজার টাকা খরচ করে ২০ হাজার টাকার বেশি লাভের আশা করছেন।
চাষিরা
জানান, ভাদ্র-আশ্বিন মাসে পানিফলের চাষ শুরু হয় এবং অগ্রহায়ণ-পৌষ মাসে ফল তোলা হয়। কচি অবস্থায় ফলের রং লাল ও সবুজ থাকলেও পরিপক্ব হলে তা হালকা কালচে বর্ণ ধারণ করে। সাতক্ষীরা সদরের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে ২০ টাকায় কিনে তিনি ২৫ টাকায় বিক্রি করেন। প্রতিদিন তিনি ১০০ কেজির বেশি ফল বিক্রি করেন এবং ঢাকা ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলে পাঠান।
বিজ্ঞাপন
পানিফল চাষে নারী শ্রমিকদের অংশগ্রহণ বেড়েছে। খেত পরিচর্যা, ফল সংগ্রহ ও বাছাইয়ের কাজে নিয়োজিত নারী শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে ২০০ থেকে ৩০০
টাকা মজুরি পান। সখিপুর গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করে ২০০ টাকা পেয়েছি।’
সাতক্ষীরা সদরের কৃষি উদ্যোক্তা মো. রাহাত হোসেন জানান, এক সময়ের দুর্ভোগের জলাবদ্ধ জমি এখন অনেকের আয়ের উৎস। সখিপুরের কৃষক কাওসার আলী প্রায় ২৫ বছর ধরে পানিফল চাষ করছেন। এবার ১৫ বিঘা জমিতে আবাদ করেছেন। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে এসব জমিতে ধান হয় না। আগে জমি পড়ে থাকত। এখন পানিফল চাষ করে ভালো আয় হচ্ছে। পানি বাড়লেও গাছ সহজে নষ্ট হয় না, বরং ফলন বাড়ে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় পানিফল চাষ প্রতিবছর বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ১০৬ হেক্টর, ২০২২-২৩ অর্থবছরে
১৪২ হেক্টর, ২০২৩-২৪ অর্থবছরে ১৫০ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৪ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে প্রায় ২৫০ হেক্টরে দাঁড়িয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, ‘আমন ধানের তুলনায় পানিফল চাষে লাভ বেশি হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। পাশাপাশি পানিফল চাষ ও সংগ্রহের কাজে কৃষিশ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সাতক্ষীরায় পানিফলের কেনাবেচা প্রায় ২৫ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করছি।’






