বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬ |
আর্জেন্টিনায় সংক্ষিপ্ত অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। দীর্ঘ অসুস্থতার পর শেষনিঃশ্বাস ত্যাগ করা বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে নিজ শহর রোজারিওতে গিয়েছিলেন তিনি। জন্মশহরে কয়েক দিন অবস্থান করার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে পুনরায় ফ্লোরিডায় নিজের বাসভবনে ফিরেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। মেসি ও তার পরিবারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি রোজারিওর ফিশারতন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। তবে ইন্টার মিয়ামি দলে তার এখনই যোগ দেওয়ার বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পাওয়ার পরপরই আর্জেন্টিনায় পৌঁছান মেসি। পরবর্তীতে

রোজারিওর পার্শ্ববর্তী পেরেস শহরের একটি কবরস্থানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে স্থানীয় পুলিশ, সাংবাদিক ও সমর্থকরা উপস্থিত হয়ে ফুটবল মহাতারকার গড়ে ওঠার নেপথ্যের নায়ক এবং তার ক্যারিয়ারের দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাবা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় থাকা সত্ত্বেও বিশ্বকাপ ফুটবলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করার পর আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। পারিবারিক এই সংকটময় পরিস্থিতির কারণেই মাঠের সেই অশ্রু ঝরেছিল। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানেন হোর্হে

মেসি। যুক্তরাষ্ট্রে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন বার্তার মাধ্যমে বাবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান লিয়োনেল মেসি। চিরতরে চলে যাওয়া বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। ঘটনাটা এখনও আমার মাথায় ঢুকছে না, অথবা বলা ভালো আমি বিশ্বাস করতে চাইছি না। তোমাকে আর কখনও দেখতে পাব না, আমাদের আর কখনও কথা হবে না; এটা কল্পনা করাও আমার জন্য ভীষণ কঠিন। আমি জানি তুমি অনেক কষ্টে ছিলে এবং যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, কিন্তু তুমি বড্ড জলদি চলে গেলে। আমাদের তো একসাথে উপভোগ করার আরও অনেক কিছু বাকি ছিল।’ হাসপাতালে চিকিৎসাধীন বাবার

সঙ্গে বিশ্বকাপের সময়কার স্মৃতিচারণ করে মেসি লেখেন, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটায় তোমাকে সাথে নিয়ে খেলার জন্য বারবার বলতে। অথচ টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শারীরিক অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গেল। এই প্রথমবার কোনো টুর্নামেন্টে তুমি আমার পাশে ছিলে না। তবে মা আমাকে বারবার বলছিল তুমি সুস্থ হয়ে উঠবে এবং মাঠে আসার মতো অবস্থায় ফিরবে। আমিও তোমাকে বলছিলাম আমরা ফাইনালে পৌঁছাব যেন তুমি সেখানে আসতে পারো।’ বিশ্বকাপের ম্যাচ শেষে বাবার বার্তার জন্য আকুল অপেক্ষার কথা জানিয়ে তিনি লেখেন, ‘প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার বার্তার অপেক্ষায় থাকতাম এবং তোমার অনুপস্থিতি অনুভব করতাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি সত্যি

কতটা খারাপ। তবুও আমি ভাবতাম যতটা সম্ভব দূর পর্যন্ত যাই, যেন তুমি একটি ম্যাচ অন্তত দেখার সুযোগ পাও। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারলে না। আমি চেয়েছিলাম ফাইনালটা জিততে, যেন ট্রফিটা তোমায় এনে দেখাতে পারি। কিন্তু আমি পারলাম না; আমার শরীর আর সায় দিচ্ছিল না। এবার আমি আমার শারীরিক সীমার বাইরে গিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কোনোভাবেই ভালো অনুভব করছিলাম না।’ ফাইনালের পরিণতি এবং শেষবারের কথোপকথন নিয়ে তিনি যোগ করেন, ‘আমি যখন পৌঁছালাম, তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে ফাইনাল হেরে গেছি। যা কিছু ঘটেছে তা নিয়ে আমরা আর কোনো কথাই বলতে পারলাম না। তুমি কিছুই উপভোগ করতে পারলে না।

আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, তবে আমরা প্রতিটি ম্যাচ কতটা উপভোগ করেছি তা তুমি ধারণাও করতে পারবে না। আবারও তুমিই ঠিক প্রমাণিত হলে: আমাকে সেখানে থাকতেই হতো এবং খেলতে হতো। আমি তোমাকে এগুলো বলছি কারণ একমাত্র এই বিষয়টা নিয়েই আমাদের কথা বলা হয়নি; এছাড়া বাকি সব তো তোমার জানাই ছিল। প্রতিদিন আমাদের কথা হতো এবং আমার ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই আমরা দেখা করতাম।’ বাবার বিয়োগের পর ফুটবল ক্যারিয়ারের অনিশ্চয়তা প্রকাশ করে মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোব বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতাম, আর এখন সত্যি বলতে সন্দেহ হচ্ছে আমি কতদিন আর এটা

চালিয়ে যাব। একদম শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে; অথচ শেষটা যখন এত কাছে, তুমি আর কিছুটা সময় কেন ধরে রাখলে না যেন আমরা একসাথে শেষ করতে পারতাম?’ পোস্টের শেষ অংশে বাবার আদর্শে সন্তানদের গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘তোমাকে আমি ভীষণ মিস করব, কিন্তু তুমি সবসময় থাকবে। বিশেষ করে আমার সন্তানদের লালন-পালনে, কারণ তুমি আমাকে যেভাবে বড় করেছ এবং শিক্ষা দিয়েছ, আমিও তাদের সেভাবেই শেখাচ্ছি। শান্তিতে থেকো বাবা, ওপর থেকে আমাদের দিকে খেয়াল রেখো, যেভাবে এখানে থাকতে রাখতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ভালোবাসি, বাবা।’ এই কঠিন ও শোকাচ্ছন্ন সময়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষ, সতীর্থ ও ক্রীড়া সংস্থার দেওয়া সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি লেখেন, ‘আমার বাবার প্রয়াণের পর এই কঠিন সময়ে আমাকে ও আমার পরিবারকে যে ভালোবাসা, শ্রদ্ধা ও গভীর সমবেদনা আপনারা জানিয়েছেন, তার জন্য আমি হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের পাশে থাকার জন্য, প্রতিটি বার্তা ও অঙ্গভঙ্গির জন্য এবং সর্বোপরি আমাদের শোক ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।’ হোর্হে মেসি ছিলেন মেসির জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ মানুষ। তিনি শুধু বাবা ছিলেন না, বরং মেসির পুরো ক্যারিয়ার ও ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালনা করতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ