পড়ার টেবিল সরিয়ে ফুটবলের গ্যালারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৬

পড়ার টেবিল সরিয়ে ফুটবলের গ্যালারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৬ |
বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আর সেই সঙ্গে বদলে গেছে ঢাকা কলেজের আবাসিক হলগুলোর পরিচিত ছন্দও। ক্লাস চলছে, পরীক্ষা আছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। এর মাঝেও ছাত্রজীবনের ভেতরে ঢুকে পড়েছে আরেকটি পৃথিবী। সেই পৃথিবীর নাম বিশ্বকাপ। দিনের বেলা করিডোরে স্বাভাবিক ব্যস্ততা। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ লাইব্রেরিতে, কেউ মাঠে। কিন্তু সন্ধ্যা নামার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে পরিবেশ। পড়ার টেবিলের পাশে ফুটে ওঠে ফুটবলের মানচিত্র। দেয়ালে টানানো হয় প্রিয় দলের পতাকা। কোথাও আর্জেন্টিনা, কোথাও ব্রাজিল, কোথাও জার্মানি, ফ্রান্স, পর্তুগাল কিংবা স্পেন। ঢাকা কলেজের হলগুলোর অনেক শিক্ষার্থীর কাছেই বিশ্বকাপ মানে একসঙ্গে থাকার সময়, ব্যস্ত জীবনের মাঝখানে কিছু রাত চুরি করে নেওয়ার উৎসব। দক্ষিণ হলের

শিক্ষার্থী মাহিন হাসান বলেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে হলে অন্যরকম একটা পরিবেশ। কে কোন দলের সমর্থক, কোন দল কেমন খেলল এসব নিয়েই আলোচনা। খেলার দিন হলে ঘুম কম হয়, কিন্তু আনন্দ বেশি হয়।’ বিশ্বকাপের রাতগুলোতে হলের ছোট ছোট কক্ষগুলো যেন বদলে যায় অস্থায়ী গ্যালারিতে। কেউ ল্যাপটপে খেলা চালায়, কেউ বড় পর্দার ব্যবস্থা করে। বিছানার ওপর বসে, মেঝেতে বসে, কেউ দাঁড়িয়ে।চোখ তখন একটাই দিকে। গোল হলে পুরো ফ্লোর যেন একসঙ্গে শব্দ করে ওঠে। কেউ চিৎকার করে, কেউ দৌড়ে বের হয়ে আসে করিডোরে, কেউ আবার নীরবে বসে থাকে। উত্তর হলের শিক্ষার্থী ইলিয়াস কবির বলেন, ‘সবচেয়ে সুন্দর লাগে যখন সবাই একসঙ্গে খেলা দেখি। যাদের

সঙ্গে সাধারণ দিনে বেশি কথা হয় না, তারাও বিশ্বকাপের সময় বন্ধু হয়ে যায়।” ঢাকা কলেজের বিশ্বকাপ সংস্কৃতির বড় অংশ জুড়ে থাকে তর্ক। কে সেরা?মেসি না রোনালদো? কার আক্রমণ শক্তিশালী। কোন দল এবার চমক দেখাবে। প্রতিটি ম্যাচের পর নতুন হিসাব, নতুন ভবিষ্যদ্বাণী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনা আরও গভীর হয়। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান হেসে বললেন, ‘অনেক সময় ম্যাচ শেষ হওয়ার পরও আলোচনা ভোর পর্যন্ত চলে। তারপর দুই ঘণ্টা ঘুমিয়ে আবার ক্লাস।’কেউ কেউ বিশ্বকাপকে নিজেদের ছাত্রজীবনের অন্যতম স্মৃতি বলে মনে করেন। প্রথম বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘হলে প্রথম বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা আলাদা। পরিবারের বাইরে থেকেও মনে হয় বড় একটা

পরিবারের সঙ্গে আছি।’ হলের অনেক শিক্ষার্থী বলছে, বিশ্বকাপের সময় ঘুম আর পড়াশোনার সঙ্গে সমঝোতা করতেই হয়। কেউ খেলা দেখে সকালে পরীক্ষায় গেছে। কেউ খেলা শেষ করে সরাসরি ক্লাসে। কেউ আবার পরীক্ষা ভালো না হওয়ায় বন্ধুদের কাছে মজা করে বলে,এই বিশ্বকাপ আমার সিজিপিএ খেয়ে ফেলেবে।তবু বিশ্বকাপ এলে এসব নিয়ে আফসোস খুব বেশি থাকে না। ঢাকা কলেজের শিক্ষার্থী রাজিব হায়দার বলছিলেন, ‘পড়াশোনা সবসময় থাকবে। কিন্তু বন্ধুদের সঙ্গে এভাবে বসে বিশ্বকাপ দেখার সময়টা আর ফিরে আসবে না।’হল ক্যান্টিনে আলাদা প্রাণ পেয়েছে। রাতের খেলা মানেই অতিরিক্ত চা। মাঝরাতে ডিম ভাজি, বিস্কুট ও নুডলস। ক্যান্টিনের কর্মচারীরাও অনেক সময় খেলার খবর জানেন শিক্ষার্থীদের কাছ থেকেই। ক্যান্টিনে বয়

আবদুল মালেক বলেন, ‘বিশ্বকাপের সময় মামারা(ছাত্ররা) কম ঘুমায়, বেশি চা খায়। রাত বারোটার পরও চায়ের অর্ডার শেষ হয় না।’ কলেজের পরিচ্ছন্নতাকর্মী সেলিম মিয়া বললেন, ‘খেলার রাতে সবাই অনেক জেগে থাকে। সকালে দেখি কারও হাতে পতাকা, কেউ আবার ম্যাচ নিয়ে তর্ক করতে করতে রুমে ফিরছে।’ ঢাকা কলেজের পুরোনো শিক্ষার্থীদের কাছেও বিশ্বকাপের স্মৃতি বিশেষ জায়গা দখল করে আছে। কেউ মনে রাখে ম‍্যারাডোনার সময়। কেউ ব্রাজিলের কান্না। কেউ মেসির অপেক্ষা। এখনকার শিক্ষার্থীরা সেই গল্পের সঙ্গে যোগ করছে নিজেদের নতুন গল্প। বিশ্বকাপ শেষ হয়ে যাবে। পতাকা নামবে। করিডোর আবার শান্ত হবে। রাত জাগা কমে যাবে। কিন্তু কয়েক বছর পর যখন এই শিক্ষার্থীরা কলেজ ছাড়বে, তখন

হয়তো তারা সবচেয়ে বেশি মনে রাখবে না কোনো ক্লাস বা নোটের কথা। মনে থাকবে একটি ছোট্ট হলরুম। রাত ২টার খেলা। গোল হওয়ার পর করিডোরজুড়ে ছুটে যাওয়া উল্লাস। আর কিছু বন্ধু, যাদের সঙ্গে বসে একসময় পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল উৎসব দেখা হয়েছিল। কারণ ঢাকা কলেজের হলগুলোতে বিশ্বকাপ ছাত্রজীবনের আরেক নাম। তরুণ বয়সের এক অদ্ভুত সুন্দর স্মৃতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা