দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ May, ২০২৫

দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৫ |
ফেনীর পাঁচগাছিয়ায় দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগে সালিশে তাদের মায়েদের প্রকাশ্যে নাকে খত দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির এক নেতা তাদের নাকে খত দিতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। পুলিশ বলছে, ভাইরাল ভিডিওর বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, ভিডিওটি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের খালুর দোকান এলাকার। সেখানকার দুই কিশোরের বিরুদ্ধে মুরগি ও কবুতর চুরির অভিযোগে সালিশের আয়োজন করা হয়। এতে

আশপাশের মানুষকে জড়ো করেন মুরগি ও কবুতরের মালিক জাহাঙ্গীর আলম। সালিশ বৈঠকে বিএনপি নেতা দেলু ওই দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ার নির্দেশ দেন। কয়েকজনকে লাঠি হাতে ওই নির্দেশ বাস্তবায়ন করতে দেখা যায় ভিডিওতে। মায়েদের এভাবে হেনস্তা করায় বিচার চেয়েছেন সন্তানেরা। তাদের দাবি, অপরাধ করে থাকলেও করেছে ভাই। কিন্ত মাকে কেন এমন নির্যাতন করা হলো? প্রশাসনের কাছে বিচার চান তারা। ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধান হওয়া উচিত এবং তা যেন মানবতা ও ন্যায়বিচারের সীমারেখার মধ্যে থাকে। একজন নিরপরাধ মাকে এভাবে অপমান করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একজন লিখেন, 'বেদনাদায়ক বিষয় হলো, এই সালিশে উপস্থিত ছিলেন আমার সমাজের কিছু

সম্মানিত ব্যক্তিবর্গ। তাদের মধ্যেই একজন সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন যিনি সালিশি বৈঠকের নেতৃত্ব দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক, অমানবিক।' ফেসবুকে আরেকজন মন্তব্য করেন, ‘আমরা এমন সমাজ প্রতিষ্ঠা করতে চাই না, যেখানে একজন মায়ের মর্যাদা এতটাই তুচ্ছ। অপরাধী শাস্তি পাবে, এটি প্রত্যাশিত। কিন্তু একজন মা যিনি অপরাধে জড়িত নন তাকে হেয় করা আমাদের মানবিক ও নৈতিক মানদণ্ডকে নিচে নামিয়ে দেয়।’ অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন দেলু বলেন, 'মাথিয়ারা গ্রামের তফাজ্জল মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে হাঁস, মুরগি চুরির ঘটনা ঘটে। এলাকায় ভাড়াটিয়া একটি পরিবারের দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ আসে। পরে স্থানীয়দের অনুরোধে বিষয়টি নিয়ে মাথিয়ারা এলাকার খালুর দোকানের সামনে সালিশ বসে।

সালিশে ওই দুই কিশোর উপস্থিত হয়নি। তবে তাদের মায়েরা উপস্থিত হন। সালিশে অপরাধীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন উপস্থিত মায়েরা শাস্তি ভোগ করতে রাজি হন।' এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, 'সামাজিক কিছু পরিবেশ-পরিস্থিতিতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো সময় কাজগুলো করতে হয়।' ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘হাঁস-মুরগি চুরির একটি ঘটনা সামাজিকভাবে বিচার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নাকে খত দেওয়া উচিত হয়নি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর

রহমান ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় সব পর্যায়ে পদ স্থগিত করার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন