সিসিটিভি ফুটেজে দুই শুটারের চেহারা স্পষ্ট, পরিচয় মেলেনি ২ দিনেও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬

সিসিটিভি ফুটেজে দুই শুটারের চেহারা স্পষ্ট, পরিচয় মেলেনি ২ দিনেও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ |
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের দুদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখানে দুই শুটারের চেহারা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের মুখমণ্ডল তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। পুলিশ সূত্র জানায়, আগের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজের সঙ্গে নতুন ভিডিও মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ও পরে শুটারদের গতিবিধি, পালানোর রুট এবং

সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ চলছে। আশপাশের সড়ক, দোকান ও ভবনের ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার কিংবা পূর্বশত্রুতার কোনো যোগসূত্র আছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মুসাব্বিরের পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি তার চলাফেরা, সাম্প্রতিক হুমকি ও যোগাযোগের বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, চেহারা স্পষ্ট হলেও তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সব সময় সহজ হয় না। তবে নতুন ফুটেজ আমাদের তদন্তে বড় সহায়ক হবে বলে আশা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যায় অংশগ্রহণকারীরা ভাড়াটে খুনি; কিন্তু তাদের নাম-পরিচয় এখনো উদ্ধার

করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে জোর তদন্ত চলছে। গত বছরের ২৯ ডিসেম্বর চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা মানববন্ধন করলে সেখানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। হত্যা মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগে যাদের আটক করা হয়েছিল, তাদের এলাকায় প্রভাব কমে যাওয়ার সুযোগে ওই স্থানটি মোসাব্বির নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন এমন অভিযোগ উঠে আসে। বিষয়টি ঘিরে এলাকায় তখন থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এদিকে ফার্মগেট এলাকায় একটি গ্যারেজ দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ওই গ্যারেজ দখলের ঘটনায় মুসাব্বিরের সম্পৃক্ততার তথ্য পেয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে মোসাব্বিরের

জীবননাশের হুমকি-সংক্রান্ত অভিযোগগুলোর সঙ্গে বাস্তব কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা আছে কি না, সে দিকটিও তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কারওয়ান বাজার, তেজতুরি বাজার ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে মুসাব্বিরের দীর্ঘদিনের বিরোধ চলছিল। একই সঙ্গে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। পুলিশ আরও জানতে পেরেছে, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ঘিরে এক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গেও তার বিরোধ ছিল। এ ছাড়া ঢাকা-১২ আসনে বিএনপির নেতৃত্বাধীন

জোটের প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত একটি অংশের সঙ্গেও তার বিরোধ থাকতে পারে। সবকিছু আমলে নিয়েই তদন্ত চলছে। দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের বিক্ষোভ: এদিকে আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন কারওয়ান বাজারের দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে কারওয়ান বাজারের বসুন্ধরা শপিংমলের পেছন থেকে মিছিল শুরু হয়ে ফার্মগেট হয়ে থানার সামনে অবস্থান করেন বিক্ষোভকারীরা। এরপর মিছিলটি আবার কারওয়ান বাজার গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষ মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। ওসি ক্যশৈন্যু মারমা বলেন, বিক্ষোভকারীরা মিছিল করতে করতে থানার সামনে

এসে অবস্থান করেন। ২০-২৫ মিনিট থানার সামনে অবস্থান করে তারা কারওয়ান বাজারের দিকে চলে যান। তবে ফার্মগেট-কারওয়ান বাজার রোডে যান চলাচল স্বাভাবিক ছিল। গত বুধবার রাত ৮টার পরে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। এ সময় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী