সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজধানীর মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম রবি’সহ নয়জনকে অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে নারাজি আবেদন করেছিলেন মামলার বাদী ও নিহত তামিমের বাবা সুলতান আহমেদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে ওই নয়জনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায়’ অব্যাহতির সুপারিশ করা হয়। তবে তদন্তে অসন্তোষ জানিয়ে বাদী মামলাটি পুনঃতদন্তের আবেদন করেন। পরে আদালত তার নারাজি আবেদন নামঞ্জুর করে নয়জনকে মামলা থেকে অব্যাহতি দেন। ওই আদেশের বিরুদ্ধে বর্তমানে রিভিশন আবেদন করেছেন বাদী। আগামী রোববার এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকার তেরতম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালতে

রিভিশন আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া। তিনি জানান, গত ২৭ আগস্ট শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানার আওতাধীন মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হন তানজিল জাহান তামিম। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন তামিমের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলায় ডেভেলপার প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয়

আরও ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়। মামলার দিন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, শেখ রবিউল আলম রবির প্লেজেন্ট প্রোপার্টিজ নিহত তামিমের বাবার জমিতে চুক্তির ভিত্তিতে একটি ভবন নির্মাণ করেছিল। ওই ভবনের ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধি, মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের শ্বশুর ওই ভবনের একটি ফ্ল্যাট প্লেজেন্ট প্রোপার্টিজের কাছ থেকে কিনেছিলেন। নিহতের পরিবার দাবি করে আসছিল, ওই ফ্ল্যাট তাদের জমির ওপর নির্মিত ভবনের অংশ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন বছর ধরে বিরোধ চলছিল। মামলাটির তদন্ত শেষে ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের এসআই জাকারিয়া আলম ২০২৫

সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। তবে শেখ রবিউল আলমসহ নয়জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। এতে আপত্তি জানিয়ে চলতি বছরের ৮ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন তামিমের বাবা। নারাজি আবেদনে তিনি অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা সত্য উদঘাটনের জন্য সাক্ষীদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করেননি। বাদীর দাবি, কয়েকজন সাক্ষীর জবানবন্দিও হুবহু নেওয়া হয়নি এবং তদন্ত কর্মকর্তা ইচ্ছেমতো জবানবন্দি নিয়েছেন। অব্যাহতির সুপারিশ পাওয়া প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে মামলাটি পুনঃতদন্তের আবেদন করেন সুলতান আহমেদ। তবে ৩ মার্চ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ

বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে শেখ রবিউল আলমসহ নয়জনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আদালতের আদেশে বলা হয়, মামলাটি আরও তদন্তের প্রয়োজন নেই বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। পরে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন তামিমের বাবা। সেই আবেদনের শুনানিই আগামী রোববার হওয়ার কথা রয়েছে। অভিযোগপত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ মামলায় অভিযোগ গঠন করা ব্যক্তিরা হলেন—প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আব্দুল লতিফ, সিইও ফাইজুল আহম্মেদ প্রকাশ সুমন, মামুনুর রশীদ মামুন, কোরবান আলী, এস এম ইব্রাহিম হোসাইন, বাধন, গাজী জাকির হোসেন, রাসেল, মনির হোসেন, শাহরাজ উদ্দিন, আমিরুল ইসলাম ওরফে আমির, সুমন মল্লিক ও মাহফুজার রহমান। অব্যাহতির সুপারিশ পাওয়া ৯

জন পুলিশের অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিরা হলেন—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন, শেখ রবিউল আলম, ফজলুর রহমান, আরিয়ান, নাসরিন আক্তার, রাসেল, মাহফুজুর রহমান, মোজাম্মেল হক কবির ও ইমাম হোসেন। তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া আলম বলেন, তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী তথ্য পাওয়া গেছে এবং যাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে, তাদের ক্ষেত্রে কেন তা করা হয়েছে—দুটিই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তদন্তের সময় কোনো রাজনৈতিক দল সরকারে ছিল না উল্লেখ করে জাকারিয়া আলম বলেন, তখন অন্তর্বর্তীকালীন

সরকার দায়িত্বে ছিল। ফলে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তদন্ত করার সুযোগ ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম: একদিনে আক্রান্ত ৮৭, মৃত্যু ২ পুঁজিবাজারে আস্থার সংকট, বিক্রির চাপে ক্রেতা কম টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে ৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র? মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা