জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
সীতাকুণ্ডে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানীয় জলের লাইনে বিষাক্ত পদার্থ বা কীটনাশক মেশানোর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় এ ঘটনায় পানি পান করার পর তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ২৬শে জুলাই, রোববার বিকেল থেকেই যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, রোববার সকালে ক্যাম্পে দায়িত্বরত কয়েকজন সদস্য পানির গ্লাসে অস্বাভাবিক সাদা ফেনা দেখতে পান। বিষয়টিকে প্রথমে গুরুত্ব না দিয়ে তারা কিছু পানি পান করেন। পরে পানিতে তীব্র বিষাক্ত গন্ধ অনুভূত হলে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা

আশঙ্কামুক্ত রয়েছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ক্যাম্পে পার্শ্ববর্তী একটি বাড়ির ডিপটিউবওয়েল থেকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করানো হয়েছে। ঘটনার পরপরই পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পুরো ট্যাংকের পানি ফেলে সেটি পরিষ্কার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ডিপ মোটর স্থাপিত কক্ষে প্রবেশ করতে না পেরে দুর্বৃত্তরা পাইপলাইনের সংযোগস্থল কেটে সেখানে সরাসরি রাসায়নিক কীটনাশক বা বিষাক্ত পদার্থ ঢেলে দেয়। একই পাইপলাইনের পানি ক্যাম্পের সদস্যদের পাশাপাশি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যবহার করত। ফলে সময়মতো বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলে

সংশ্লিষ্টরা জানিয়েছেন। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, যৌথ বাহিনীর ক্যাম্পে প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। সকালে অপারেটর পানির ট্যাংক পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ টের পেয়ে সবাইকে সতর্ক করেন। তবে এর আগেই হাত-মুখ ধোয়া ও পানি ব্যবহারের কারণে তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, এটি একটি সুপরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। তিনি বলেন, মানুষের প্রাণহানির উদ্দেশ্যেই পানির লাইনে কীটনাশক মেশানো হয়েছে। একই পানি স্থানীয় স্কুলশিক্ষার্থীরাও পান করত। এ ধরনের অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের

কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে একটি অস্থায়ী যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। চলতি বছরের ৯ই মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে পরিচালিত বড় অভিযানের মাধ্যমে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, গত ২৫শে মে একই এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে গুলি বর্ষণ ও হামলার ঘটনা ঘটে। সে সময় ভেকু দিয়ে নির্মাণাধীন ক্যাম্প ভেঙে ফেলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ২৪২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। তবে মামলার প্রধান আসামি হিসেবে

অভিযুক্ত ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিন এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ