কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ September, ২০২৬

কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ September, ২০২৬ |
২০২৭ সালের পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধনের সময় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আজ শনিবার। শুক্রবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮৬৪ জনসহ মোট ৭৫ হাজার ৯১৮ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। ফলে নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে বর্তমানে ২ হাজার ৫৮২টি আসন খালি রয়েছে। তবে নিবন্ধন প্রক্রিয়ায় আরও প্রায় ১৩ হাজার ‘আনপেইড ভাউচার’ রয়েছে। এসব ভাউচারের বিপরীতে অর্থ জমা পড়লে নির্ধারিত কোটার তুলনায় হজযাত্রীর সংখ্যা আরও বেড়ে যাবে। ফলে কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আজ শনিবার এসব ভাউচারের অর্থ জমা দেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিমান ভাড়া কমানো ও

নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে হজযাত্রীদের আগ্রহ বেড়েছে। এতে কোটার বাইরেও অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন ধর্ম প্রাণ মুসলমানরা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের পর হজের নিবন্ধনের সময় আর বাড়ানোর পরিকল্পনা নেই। প্রাক্-নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছিল। বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। ২৭ জুলাই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবকে জানানো হবে।

ওই তালিকার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, আবাসন ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে। এদিকে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী ইতোমধ্যে হজ পালনে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি প্রায় ১৩ হাজার আনপেইড ভাউচার থাকায় নিবন্ধনের অর্থ পরিশোধ শেষ হলে কোটার অতিরিক্ত হজযাত্রীর সংখ্যা আরও স্পষ্ট হবে। তবে সৌদি আরবের অনুমোদন ছাড়া কোটার বাইরে অতিরিক্ত হজযাত্রী নিবন্ধন করবে না ধর্ম মন্ত্রণালয়। বাড়তি কোটা পাওয়ার বিষয়ে ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা জানান, নভেম্বরে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হওয়ার কথা রয়েছে। ওই চুক্তি আলোচনায় দুই দেশের মধ্যে হজের কোটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

চলতি বছরের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে। ধর্ম মন্ত্রণালয় সূত্র বলছে, অতিরিক্ত আগ্রহী হজযাত্রীদের সুযোগ দিতে কতটি বাড়তি কোটা প্রয়োজন, তা নিয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সৌদি আরবের কাছে বাড়তি কোটা চেয়ে প্রস্তাব দেওয়া হতে পারে। হজ অধিশাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বলেন, আপাতত কোটার বাইরে অতিরিক্ত নিবন্ধন করা হবে না। নারায়ণগঞ্জ সাদ ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মালিক শহীদ উল্লাহ খান বলেন, প্রায় ২০ হাজার হাজী অতিরিক্ত আগ্রহী রয়েছে। আরও ২০ হাজার অতিরিক্তি কোটা দরকার। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, নির্ধারিত কোটার বাইরে আরও অনেক হজযাত্রী হজ পালনের

আগ্রহ দেখিয়েছেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকৃত চিত্র পাওয়া যাবে। কোটার বাইরে হজযাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সৌদি আরবের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত কোটা পাওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, সরকার হজযাত্রীদের জন্য সার্বিক ব্যবস্থাপনা সহজ, নিরাপদ ও স্বচ্ছ করার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে হজের খরচ কমানো, সেবার মান উন্নত এবং হাজিদের ভোগান্তি কমাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান