এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল এবং মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় চার দণ্ডপ্রাপ্তসহ আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায়কে

কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আদালতে প্রবেশে তল্লাশি জোরদার করা হয়। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতির প্রাইভেটকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে আটকে কয়েকজন যুবক তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে দম্পতিকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের গাড়িও আটকে রাখা হয়। ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পরে তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততা নিশ্চিত হলে মোট আটজনের বিরুদ্ধে

অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্তে ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। ২০২১ সালের ৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর নির্যাতিত তরুণী, তার স্বামী, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এমসি কলেজের এক অধ্যাপকসহ ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে প্রায় পাঁচ বছর নয় মাস ধরে চলা দেশের অন্যতম আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং